× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

ডেস্ক

আজ আন্তর্জাতিক সহনশীলতা দিবস

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
আন্তর্জাতিক সহনশীলতা দিবস

আজ ১৬ নভেম্বর বুধবার আন্তর্জাতিক সহনশীলতা দিবস। ইউনেসকোর উদ্যোগে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ সিদ্ধান্ত নেয়, ১৯৯৫ সাল থেকে ‘আন্তর্জাতিক সহনশীলতা বর্ষ’ উদযাপন করা হবে। ১৯৯৬ সালের ১৬ নভেম্বর ইউনেসকোর ২৮তম অধিবেশনে ‘সহনশীলতার মৌলিক নীতি ঘোষণা’ গৃহীত এবং প্রতিবছরের ১৬ নভেম্বরকে আন্তর্জাতিক সহনশীলতা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

ইউনেসকো মনে করে, মানবসমাজ স্বাভাবিকভাবেই বৈচিত্র্যময় এবং এই বৈচিত্র্যময় পৃথিবীতে ভিন্ন মত ও সম্প্রদায়ের মধ্যে ভাবের আদান-প্রদান ও সম্প্রীতি নিশ্চিত করতে মানুষের মধ্যে সহনশীল মনোভাব প্রয়োজন। সমাজে বিভিন্ন ধর্ম, ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তার উপস্থিতি সংঘাতের পথকে প্রশস্ত করে না। বরং সহনশীল পরিবেশ এই সামাজিক বাস্তবতাকে সঠিক পথে পরিচালনার মাধ্যমে সমাজের অন্তর্নিহিত সক্ষমতা বাড়ায়।

সহনশীলতা হচ্ছে এক ধরনের ইতিবাচক সঠিক দৃষ্টিভঙ্গি এবং তা অন্য মানুষের অবাধ ও অধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত। সহনশীলতার অর্থ ধৈর্য-সহ্য, সহিষ্ণুতা, সহনীয়তা, ক্ষমাশীলতা ইত্যাদি।

সহনশীলতার মৌলিক নীতি ঘোষণায় বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সমাজের প্রতিটি ক্ষেত্রে সহনশীলতাকে বাস্তবায়ন করা। কারণ ‘সহনশীলতা’ হচ্ছে শান্তি স্থাপনের পাশাপাশি সবার অর্থনৈতিক ও সামাজিক মর্যাদাকে উন্নত করার অপরিহার্য নীতি। আমাদের সমাজে পারিবারিক, সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে সহনশীলতার অভাব মারাত্মক আকার ধারণ করেছে। সমাজে নানামুখী চাপের কারণে মানুষ সহনশীল থাকতে পারছেন না। বাংলাদেশে এ সমস্যাটা দিনে দিনে বাড়ছে। সব ক্ষেত্রেই মানুষ ধৈর্যহারা হয়ে পড়ছে। মূল্যবোধের অভাবেও মানুষ অধৈর্য হয়ে নানা ধরনের অন্যায়-অনিয়ম করছে। এ থেকে পরিত্রাণের জন্য পরিবার থেকেই সহনশীলতার চর্চা শুরু করে সমাজ ও দেশে এর সুফল পৌঁছে দিতে সচেতন এবং বিবেকবান মানুষকে আন্তরিক হতে হবে। সহনশীল ও সত্যনিষ্ঠ সমাজ নির্মাণ মাত্র দিন ও রাতের কাজ নয়। তা সময় ও সমাজের বিভিন্ন পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হতে পারে। ইউনেসকো জোর দিয়ে বলেছে, সহনশীলতা শিক্ষার জন্য শিশুদের থেকে, বাবা, মাসহ সবার উচিত শব্দ ও আচরণগত দিকে নিবিড় মনোযোগ দেওয়া। এ ক্ষেত্রে স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, মা-বাবা সন্তানের প্রতি, শিক্ষকের ছাত্রদের প্রতি, সমাজপতিদের সমাজের প্রতি এবং রাজনীতিবিদদের তাদের কর্মীদের প্রতি সহনশীল হওয়া উচিত।

সহনশীলতা বলতে আমরা আসলে কী বুঝি? এক কথায় বললে বলতে হয়, ধৈর্য না হারিয়ে, নিজের রাগ-ক্রোধ সংবরণ করে উদারতার উদাহরণ তৈরি করাই সহনশীলতার লক্ষণ। সব মানুষ একরকম নয়। সব মানুষের ধর্মবিশ্বাস এক নয়, সব মানুষের ভাষা এক নয়, সব মানুষের সংস্কৃতি এক নয়, সব মানুষের অর্থনৈতিক অবস্থাও এক নয়। কিন্তু এই সব ভিন্নতা নিয়ে মানুষকে এক পৃথিবীতে, এক দেশে, আরও ছোট করে বললে এক পাড়ায় বসবাস করতে হয়। এই যে নানা ভিন্নতা নিয়ে পাশাপাশি বসবাস, তার জন্যই প্রয়োজন বিরোধের বদলে সমঝোতা। মানুষ নিজেদের ও সমাজের কল্যাণের জন্য পরস্পরের ওপর নির্ভরশীল। এই পারস্পরিক নির্ভরতাই তো দ্বন্দ্ব-বিরোধের পরিবর্তে একতাবদ্ধভাবে থাকতে মানুষকে অনুপ্রাণিত করার কথা। কিন্তু তা না হয়ে মানুষ কেন বিরোধাত্মক মনোভাবসম্পন্ন হয়ে উঠল?

স্বার্থচিন্তা, অসংযত লোভ ও নানা ভেদজ্ঞানই হয়তো মানুষকে ক্রমাগত সংকীর্ণ ও অসংযত হওয়ার পথে ঠেলতে ঠেলতে এখন একটা চরম হানাহানি ও উগ্রতার বাতাবরণ তৈরি করেছে। সহনশীলতা একটি সামাজিক মূল্যবোধ। সমাজের স্থিতিশীলতা নষ্ট হলে সহনশীলতাও আর থাকতে পারে না। মানুষ ক্রমাগত জ্ঞানবিজ্ঞানে এগিয়ে যাচ্ছে। নতুন নতুন আবিষ্কারের নেশা মানুষকে পেয়ে বসেছে। মানুষ যতই অজানাকে জানছে, ততই তার মধ্যে অস্থিরতাও বাড়ছে। আরও জানার আগ্রহ মানুষের তৃপ্তি কেড়ে নিয়েছে। সারাক্ষণ তার মধ্যে চাওয়া-পাওয়ার তীব্রতা বাড়ছে। মনের মধ্যে চাপ বাড়ছে। আর এই ক্রমবর্ধমান চাপ মানুষের জীবনকে ধৈর্যহীন করে তুলছে। ধৈর্যের অভাব একদিকে মানুষের আত্মবিশ্বাস টলিয়ে দিচ্ছে, অন্যদিকে তার সাহসও কমিয়ে দিচ্ছে। ও বুঝি আমাকে ছাড়িয়ে গেল, আমি বুঝি তার সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়লাম; ওর হলো, আমার হলো না—এমনতর সব ঘটনার তাড়া মানুষকে সহনশীল থাকতে দিচ্ছে না। বিভিন্ন ধর্মবিশ্বাসীরা পরস্পরকে শত্রু ভাবছে, সম্প্রদায়ে সম্প্রদায়ে অবিশ্বাস বাড়ছে, জাতিতে জাতিতে বিদ্বেষ বাড়ছে, সম্পদের বণ্টন সুষম হচ্ছে না—সবকিছুর মিলিত ফল হিংসা। হিংসা থেকেই উগ্রতা, জঙ্গিবাদের জন্ম।

আমি শ্রেষ্ঠ, আমার ধর্ম শ্রেষ্ঠ, আমার বিশ্বাসই চরম সত্য—এমন অন্ধত্ব দায়বদ্ধতার ঘাটতি তৈরি করছে। আমার সঙ্গে সবাইকে একমত হতে হবে, আমার কথা সবাইকে মেনে চলতে হবে, না হলেই গলা থেকে মাথা আলাদা করে দেওয়ার চিন্তা পৃথিবীকে শক্তিমত্তার মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। অন্যের সঙ্গে কিছু ভাগ করে নেওয়ার মনোভাবকে এখন একধরনের দুর্বলের চিত্তবিকার বলে উপহাস করা হয়। পৃথিবী নাকি শক্তের ভক্ত, নরমের যম! তাই শক্তিচর্চার অবাধ আয়োজন বিকারগ্রস্ত এক সময়ের মধ্যে এনে ফেলেছে মানবসভ্যতাকে।

যারা শক্তির জোরে বিশ্বাসী, তাদের যুক্তির জোরে আস্থাশীল করে তোলার চেষ্টা হতে পারে আন্তর্জাতিক সহনশীলতা দিবসের একটি লক্ষ্য। অন্যের বিশ্বাস, অধিকার, মর্যাদাকে স্বীকার করে নিতে হবে। নিয়ম মানায় অভ্যস্ত হতে হবে। একে অপরের বোকামি বা পাকামিকে ক্ষমা করে দেওয়ার ঔদার্য শিখতে হবে। মনে রাখতে হবে, পৃথিবীর সব অসাধারণ কাজগুলো হয়েছে শক্তি দিয়ে যতটা না, তার চেয়ে অনেক বেশি বুদ্ধি দিয়ে। সহনশীলতাকে দুর্বলতা না ভেবে শক্তি হিসেবে ভাবতে হবে। এটা ধ্বংসের শক্তি নয়, সৃষ্টির শক্তি। ধর্ম রক্ষার জন্য ছুরি হাতে, বন্দুক হাতে না ছুটে সৌহার্দ্যের মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। আর এর জন্য দরকার ধৈর্য, সহনশীলতা।


এ ক্যটাগরির আরো খবর..