বেনাপোল প্রতিনিধি: নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বেনাপোল বন্দরের অগ্নিকান্ডের কারন বা উৎস কি তা তদন্ত না করে বলা যাবে না। কেমিকেল না শর্ট সার্কিট না অন্য কিছু সেটা তদন্তের পর জানা যাবে। আগুন লাগার পর পরই ঢাকায় বসে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নৌ পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সাফায়েত হোসেনকে প্রধান করে স্থলবন্দর বন্দর কতৃপক্ষের একজন, ফায়ার সার্ভিসের একজন ও জেলা প্রশাসনের একজনকে সদস্য করা হয়েছে। কবে নাগাদ তদন্ত রিপোর্ট পাওয়া যাবে সে ব্যাপারে তিনি কিছুই জানাননি।
তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সমদর্শী মনের মানুষ। তিনি এ বিষয়টি দেখবেন। আমদানিকৃত পণ্যের ইন্সুরেন্স করা আছে। তাদের ইন্সুরেন্সের মাধ্যমে ক্ষতি পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। স্থানীয় ব্যবসায়ী ও আগুন নির্বাপণ করতে ভারত থেকে আসা ফায়ার সার্ভিসকেও ধন্যবাদ জানান তিনি।
রোববার বিকেল ৩টার দিকে আগুনে পুড়ে যাওয়া বেনাপোল স্থলবন্দরের ২৩ নং শেড পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। হেলিকাপ্টারে করে শার্শা স্টেডিয়ামে এসে পৌছানোর পর তিনি সড়ক পথে বেনাপোল বন্দরে আসেন। পরে তিনি আগুনে পুড়ে যাওয়া মালামালসহ ঘটনাস্থল ও আংশিক পুড়ে যাওয়া পোর্ট থানা পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিন, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, নৌ-পরিবহন সচিব অশোক মাধব রায়, যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম মজ্ঞু, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, উপজেলা আওয়ামীলীগৈর সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান।
নৌ পরিবহন মন্ত্রী বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর। বর্তমান সরকার বেনাপোল বন্দরে যথেষ্ট উন্নয়ন করেছেন। রাস্তাঘাট উন্নয়ন করা হয়েছে। বন্দরের অনেক শেড নির্মাণ করা হয়েছে। কেমিকেলসহ বিভিন্ন পণ্য এই শেডে রাখা হয়েছে সেগুলো এমন অবস্থায় এসে পৌছেছে যে আমাদের এখানে মাল রাখার জায়গাও নেই। খোলা আকাশের নীচে অনেক মালামাল পড়ে আছে। জায়গার অভাবে বন্দরের পরিধি বাড়ানো যাচ্ছে না। তারপরও চেস্টা করা হচ্ছে বন্দরের পরিধি বাড়াতে।