৯ ফেব্রুয়ারি আগামী শনিবার প্রায় ২ কোটি ৫০ লক্ষ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রনালয় সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। এ লক্ষ্যে আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এক লক্ষ বিশ হাজার স্থায়ী কেন্দ্রে এবং বিশ হাজার ভ্রাম্যমান কেন্দ্রে এ ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে তা সম্পূর্ন নিরাপদ। অন্য কোন গুজব কথায় কান না দিয়ে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। বিগত ১৯ জানুয়ারি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানের দিন নির্ধারিত ছিল। কিন্তু তাতে গুণগত মান নিয়ে সংকোচ থাকায় স্থগিত করা হয়।
তিনি বলেন, ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৫ লাখ ৪৭ হাজার শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ১ কোটি ৯৫ লাখ সাত হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি বলেন, ভ্রাম্যমান ২০ হাজার কেন্দ্রে বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরীঘাট, ব্রীজের টোল প্লাজা, বিশেষ করে বঙ্গবন্ধু ব্রীজ, দাউদকান্দি ও মেঘনা ব্রীজ, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান করবে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ২ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবে।



