অর্থ-বিত্ত দেখে আওয়ামী লীগে কোন পদ পদবী দেয়া যাবেনা -তথ্যমন্ত্রী

কারো অর্থ-বিত্ত দেখে আওয়ামী লীগে কোন পদ পদবী দেয়া যাবেনা। অমুকের পয়সা আছে, দল চালাতে সুবিধা হবে, এই বিবেচনায় কাউকে পদ দেয়া যাবেনা। এটি আমাদের দলের রাজনীতি ও আদর্শ নয়। বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগ পাবনা জেলা শাখার তৃণমুল প্রতিনিধি সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, পরপর তিনবার ক্ষমতায় থাকার কারণে দলের মধ্যে অনেক সুবিধাবাদী ও অনুপ্রবেশকারী ঢুকেছে। যারা একসময় আওয়ামীলীগের বিরুদ্ধে কাজ করেছে এবং নেতাকর্মীদের নির্যাতন করেছে। যারা অনুপ্রবেশকারী সুবিধাভোগের জন্য দল করছেন তাদের চিহ্নিত করে পদ থেকে তাদের সরিয়ে দিতে হবে। দল ও আদর্শের প্রতি নিষ্ঠা এবং নেত্রীর প্রতি একাগ্রতাই হবে দলীয় পদ পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা। 
 
পাবনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুখ প্রিন্স এমপি’র সঞ্চালনায় প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।   
 
ড. হাছান মাহমুদ বলেন, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায়। এই কৃতিত্ব জননেত্রী শেখ হাসিনার। তিনি সমস্ত প্রতিকুলতা ও প্রতিবন্ধকতার মধ্যে ধীরস্থির থেকে সমস্যা মোকাবিলা করে ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশে পদার্পণ করেন। এরপর বঙ্গবন্ধুহীন বাংলাদেশ আওয়ামী লীগকে মায়ের মমতায় বোনের স্নেহে লালন করে বারবার মৃত্যু উপত্যক্যা থেকে ফিরে এসেছেন। আরো প্রত্যয়ী হয়ে আওয়ামীলীগকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। এবং আওয়ামী লীগকে চারবার রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেছেন। 
 
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামীলীগ যখনই সংকটে পড়েছে তখন অনেক বড় নেতা ভোল পাল্টেছে, অনেকে দল ছেড়ে চলে গেছে। এটি শুধু শেখ হাসিনার ক্ষেত্রে ঘটেছে তা নয়। জাতীর পিতা বঙ্গবন্ধু যখন আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে তখনও ঘটেছে। 
 
১৯৪৯ সালে আওয়ামী লীগের জন্মের পর থেকে সমস্যার বাঁকে বাঁকে অনেক নেতা বাঁকা হয়ে দল থেকে চলে গেছে, দলের বিরুদ্ধে বক্তব্য রেখেছে, স্মরণ করে মন্ত্রী বলেন, কিন্তু তৃণমূলের কর্মীরা কখনো দলের সাথে বেঈমানি করেনি। তৃণমূল সবসময় দল ও নেতার সাথে ঐক্যবদ্ধ থেকেছে, বিশ্বস্থতার সাথে কাজ করেছে। সেই কারণে আওয়ামীলীগ আজ দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং চারবার রাষ্ট্র ক্ষমতায়। 
 
দলের তরুণ নেতাকর্মীদের বিনয়ী হবার অনুরোধ জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বদলে গেছে। যেই ছেলে দশবছর আগে বিদেশ গেছে সে দেশে এসে তার শহর চিনতে পারছেনা, গ্রামও চিনেনা। কিন্তু এত উন্নয়নের মধ্যেও যখন আমাদের কর্মীরা উদ্ধত আচরণ করে তখন মানুষ বিরক্ত হয়। আমরা কেউ যেন উদ্ধত আচরণ না করি। কারো উদ্ধত আচরণ ও অপকর্মের দায় দল কখনো নিবেনা। তাদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেয়া হবে। 
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, নুরুল ইসলাম ঠান্ডু, প্রফেসর মেরিনা জাহান কবিতা, বেগম আখতার জাহান প্রমুখ  উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।