বিশেষ প্রতিবেদক: আওয়ামীলীগ জনগণকে কোন প্রতিশ্রুতি দিলে তা সর্বদাই পূরণ করে, নির্বাচনী ইশতেহারে ভুলে যায়না, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ধানমন্ডিতে ‘‘সুধাসদন” থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী প্রচারনার জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষনায় আমাদের ভবিষ্যৎ কর্মপন্থাগুলো তুলে ধরেছি। ইশতেহারে উল্লেখ আছে যদি আমরা ক্ষমতায় যেতে পারি তবে মানুষের সেবা করে যাব ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাব। তার সাথে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ব্যবস্থা করব।
প্রধানমন্ত্রী বলেন, আমরা বহুমুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করেছি। কারণ আওয়ামী লীগ যখন সরকারে আসে আমরা সুষম উন্নয়নে বিশ্বাস করি এবং সকল এলাকার মানুষ যাতে উন্নয়ন পায় সে পদক্ষেপ আমরা নিয়ে থাকি।
শেখ হাসিনা বলেন, আমি জনগণের কাছে এটাই চাই যে নৌকা মার্কায় ভোট দিয়ে এবং আমাদের জোটকে ভোট দিয়ে নির্বাচিত করে আমরা যেন জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে পারি সেজন্য নৌকা মার্কায় ভোট চাই।


