নারায়নগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় বিদ্রোহী প্রার্থীর পাঁচজন সমর্থক আহত হন। আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত রাত ৯টায় উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর ও দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সনমান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্বাচিত হন থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহিদ হাসান জিন্নাহ। অন্য দিকে একই ইউনিয়নে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী হিসেবে মাঠে রয়েছেন বর্তমান চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু। এরই মধ্যে দলীয় মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে এ দুই প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত রাত ৯টায় জাহিদ হাসান জিন্নাহর সমর্থক মাছুম, মোখলেসুর রহমানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল বিদ্রোহী প্রার্থী সাহাবুদ্দিন সাবুর সমর্থক নাজিরপুর এলাকার জয়নাল আবদীনের বাড়িঘরে হামলা চালায়। এ সময় হামলায় আহত হয় জয়নাল ও তার স্ত্রীসহ পাঁচজন।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ শাহ মো: মঞ্জুর কাদের পিপিএম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।