বিশেষ প্রতিবেদকঃ ষোড়শ সংশোধনী নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য আমলে নেয়নি বিএনপি। তিনি কী বললেন সেটা তার বিষয়। উনার কথা বিএনপি গুরুত্ব দেয় না। বললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
বিএনপি সমর্থিত চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
মির্জা ফখরুল বলেন, অর্থমন্ত্রী এর আগেও অনেক কথা বলেছেন। উনার কথা বিএনপি গুরুত্ব দেয় না। নিজ দলেই অর্থমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা হয়।
তিনি বলেন, অর্থমন্ত্রীর ষোড়শ সংশোধনী নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা ইতোমধ্যে নাকচ হয়ে গেছে। আওয়ামী লীগের লোকেরাই এটার বিরোধিতা করেছে। আমরা তার কথায় বেশি গুরুত্ব দেই না।
গেলো শুক্রবার সিলেটে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘আদালতে বাতিল হওয়া ষোড়শ সংশোধনী সংসদে ফের পাস করা হবে। দরকার হলে অনবরত পাস করা হবে। বিচারকরা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের ওপর খবরদারি করেন। অথচ আমরা তাদের নিয়োগ দেই। বিচারকদের এমন আচরণ ঠিক নয়।’
আবুল মাল আবদুল মুহিতের এমন বক্তব্যের পর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এটি আদালত অবমাননার শামিল। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই বক্তব্য সরকার বা দলের নয়, উনার নিজস্ব।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ কী বলল না বলল তাতে আমাদের কিছু যায় আসে না। দলটি আজকাল একটু বেশি বেহাল হয়ে পড়েছে। তাদের সাধারণ সম্পাদক পথেরও মন্ত্রী আবার সেতুরও। তিনি সড়কের যে বেহাল করে রেখেছেন তাতে দেশের রাজনীতির আরো খারাপ অবস্থার তৈরি হয়েছে।
মির্জা ফখরুল আরো বলেন, ষোড়শ সংশোধনীর রায়ের মধ্য দিয়ে দেশের জনগণের মনের ইচ্ছা ও আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। এ রায়ে আমাদের উৎফুল্ল হবার কোনো কারণ নেই। সরকারের যদি ন্যূনতম বিবেক বোধ এবং নৈতিকতা থাকে। তাহলে অবিলম্বে পদত্যাগ করে সহায়ক সরকারের অধীনে ভোটের ব্যবস্থা করে জনগণের মতামতের প্রতিফলন ঘটাবে।