অরিজিৎ সিংয়ের সঙ্গে এলিটা ও মাহাদী

ঢাকায় আবার গান গাইতে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং—খবরটি সবারই জানা। নতুন খবর হলো, ১০ মার্চ ঢাকার আর্মি স্টেডিয়ামের এই কনসার্টে আরও গাইবেন এই প্রজন্মের সংগীতশিল্পী এলিটা ও মাহাদী গতকাল মঙ্গলবার সন্ধ্যায়  আলাপে বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান ধানসিঁড়ির ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার


এলিটা বলেন, ‘শমী আপার (শমী কায়সার) প্রতিষ্ঠান থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অনেক বছর আগে তাঁর সঙ্গে আমার কাজ করার সুন্দর একটা অভিজ্ঞতা আছে। এবার যখন যোগাযোগ করা হয়, তখন মনে হলো ভিন্নধর্মী কিছু একটা হবে। তা ছাড়া অরিজিৎ সিংয়ের উপস্থিতিরও একটা ব্যাপার কাজ করেছে।’
অনুষ্ঠানে কী ধরনের গান করবেন—জানতে চাইলে এলিটা বলেন, ‘যত দূর শুনেছি আমাদের জন্য ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। এই সময়ের মধ্যে “কারার ঐ লৌহ কপাট” ও জর্জ হ্যারিসনের “বাংলাদেশ” গানটি গাইব।’ থাকবে আমাদের নিজেদের গানের একক ও দ্বৈত পরিবেশনাও। সব মিলিয়ে অন্য রকম কিছু একটা হবে বলে মনে করছি।’
মাহাদী বলেন, ‘আমি এখন চাকরি নিয়েই বেশি ব্যস্ত। তবে গানের রেওয়াজ নিয়মিতই করছি। বছর দেড়েক পর স্টেজে গান গাইব। তাও আবার অরিজিৎ সিংয়ের মতো বড় মাপের একজন সংগীতশিল্পীর সঙ্গে। তিনি আমার নিজেরও পছন্দের শিল্পী। তাঁর সঙ্গে মঞ্চ শেয়ার করা নিঃসন্দেহে আমার জন্য দারুণ একটি অভিজ্ঞতা হবে।’
‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামের এই কনসার্টে বাড়তি পাওয়া হিসেবে থাকবে ৭০ জন সিম্ফনি অর্কেস্ট্রায় অভিজ্ঞ দলের পরিবেশনা। কনসার্টের টিকিট এরই মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে পাওয়া যাচ্ছে। খুব শিগগির পত্রিকা ও টিভিতে বিজ্ঞাপন দিয়ে স্থানগুলোর নাম জানানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।