পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা পৌরসভা চত্তরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার ২১শে ফেব্রুয়ারিতে অবহেলিত রয়ে গেল, এমনটি হবে কেউ ভাবেনি।
এমন ঘটনা ঘটেছে পাইকগাছার পৌর সদরে অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারটির বেলায়। স্বাধীন বাংলার পাইকগাছার প্রথম শহীদ মিনার তৈরী করা হয় শহরের প্রাণ কেন্দ্রে বর্তমান পৌরসভার মাঠ। প্রতি বছর ২০ ফেব্রুয়ারীর পূর্বে শহীদ মিনারটিতে রং তুলি করা হয়, দেয়া হয় পুলিশ পাহারা। কিন্ত ২০২০ সালে ঝরল পুরাতন শহীদ মিনারটির চোখের জল।
অবশেষে মনে হয় পাইকগাছা পৌর সদরের সামনে অবস্তিত হওয়ায় মনের ভুলে সান্ত্বনা দিতে পৌরসভা সহ ২/১টি প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পন করে শহীদদের মান রক্ষা করল। সকাল ৮ টায় চিরাচরিত নিয়ম কাগুজী আইডিয়াল কিন্ডার গার্টেনের শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের নিয়ে মালা দিলেন শহীদ মিনারে। এভাবেই শহীদ মিনারটি অবহেলিত হওয়ায় শিক্ষার্থীদের সাথে পথচারীরা পুষ্পমাল্য অর্পন অনুষ্ঠানে যোগ দেন।
এ ব্যাপারে পাইকগাছা পৌরসভা মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, পৌরসভার পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে। তাছাড়া বাজার ব্যবসায়ী সংগঠণ সহ কয়েকটি প্রতিষ্ঠান পৌর সদরে অবস্তিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার পুষ্পমাল্য অর্পন করেছে। উপজেলা প্রশাসন এই শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন না করে সম্প্রতি উপজেলা চত্তরে নির্মিত শহীদ মিনারে উপজেলার সকল প্রতিষ্ঠানকে নিয়ে ২১শে ফেব্রুয়ারিতে পুষ্পমাল্য অর্পন অনুষ্ঠান করেছেন। এ বিষয়ে উপজেলা প্রশাসন আমাদের সঙ্গে কোন মতবিনিময় করেনি। এ দিকে পাইকগাছার প্রশাসন সহ রাজনৈতিক নেতারা পাইকগাছার প্রথম শহীদ মিনারের কথা ভুলে গিয়েছে উপজেলা পরিষদ চত্তরে নব নির্মিত শহীদ মিনারের কাছে। ঘটনা নিয়ে পাইকগাছায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।