ঈশ্বরগঞ্জে তাসলিমা আক্তারের (১২) সঙ্গে অতি গোপনে মো. নাঈমের (১৭) বিয়ে। ৯৯-এ ফোন পেয়ে বর-কনেকে আটক করে পুলিশ।
নান্দাইল থানার ডিউটি অফিসার আমেনা বেগম জানান, গত শুক্রবার গভীর রাতে ৯৯৯-এ ফোন পেয়ে বর-কনেকে আটক করে আনা হয়েছে।
বিয়ের কথা জানতে চাইলে কনে শিশু বলে, ‘এর লাইগ্যা (বিয়ে) কী অইছে, আমি আবার আম্মার কাছে যাইয়ামগা নে।’
পুলিশ ও বর-কনের পরিবার সূত্রে জানা যায়, বর হচ্ছে ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. নাঈম (১৭)। সে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে।
শুক্রবার তার বিয়ের দিন-তারিখ ছিল পাশের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের খরিয়া গ্রামের নবী হোসেনের মেয়ে তাসলিমা আক্তারের (১২) সঙ্গে। রাত ৮টার পর বর আসে কনের বাড়িতে।
অতিগোপনে খাওয়াদাওয়ার পর স্থানীয় এক হুজুর দিয়ে দোয়া পড়িয়ে বিয়ের কাজটি সম্পন্ন করে রাত সাড়ে বারোটার দিকে কনেকে উঠিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় ৯৯৯-এ ফোন পেয়ে নান্দাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বর-কনেকে আটক করে থানায় আনে। রাতভর থানায় অবস্থানকালে গতকাল শনিবার দুপুরে ইউএনও কার্যালয়ে নিয়ে বিয়ে নিবন্ধন করাবে না মর্মে দুই পরিবারের পক্ষে মুচলেখা দিয়ে ছাড়া পায়।