যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ অভিযানে নেতৃত্ব দেয় দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
চলমান প্রতিশোধমূলক অভিযানের ষষ্ঠ ধাপে এই হামলা পরিচালিত হয়েছে। একই সঙ্গে ইরান আরও কঠোর পদক্ষেপ গ্রহণের সতর্কবার্তাও দিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলার জবাবে আইআরজিসি ষষ্ঠ দফার আক্রমণ শুরু করেছে।
আইআরজিসির দাবি, তারা ইসরায়েল এবং অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর ‘বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে। মোট ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবের হা-কিরিয়া এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।
আইআরজিসি আরও উল্লেখ করে, ইরানি বাহিনী ধারাবাহিকভাবে ‘ভিন্নধর্মী ও কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা’ গ্রহণ অব্যাহত রাখবে। এর আগেও তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান’ শুরু করার হুঁশিয়ারি দিয়েছিল।
এক বিবৃতিতে বলা হয়, ‘অধিকৃত অঞ্চল ও আমেরিকান ঘাঁটিকে লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শিগগিরই শুরু হবে।’ তবে সম্ভাব্য হামলার সময়, স্থান বা কৌশল সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর সংবাদ নিশ্চিত করে। একই সঙ্গে দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।