সৌদি আরবে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, মক্কা ও মদিনার কেন্দ্রীয় শহরে ধর্মীয় স্থানগুলোতে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করেছে সৌদি সরকার। সৌদি আরবের যেসব স্থানে অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা
সৌদি আরবে থাকা যুক্তরাষ্ট্র মিশনের এক প্রতিবেদনে বলা হয়, একজন ইসরায়েলি ইহুদি সাংবাদিককে মক্কায় প্রবেশে সহায়তা করার অভিযোগে মক্কা পুলিশ একজন সৌদি নাগরিককে গ্রেফতার করেছে। এতে বলা হয়, এটি ‘মক্কায় অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করে করা আইনের গুরুতর লঙ্ঘনের’ অভিযোগ।
এরআগে, ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল থার্টিন নিউজ ১০ মিনিটের একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে দেখা যায় যে, একজন সাংবাদিক মসজিদ আল-হারামের পাশ দিয়ে হেটে যাচ্ছেন এবং তিনি আরাফাত পর্বত বেয়ে উঠছেন। আমেরিকার প্রতিবেদন অনুযায়ী, “ওই ঘটনায় মুসলিম এবং সৌদি নাগরিকরা অনলাইনে ক্ষোভ প্রকাশ করে।”
সৌদি আরবের পর্যটন বিষয়ক ওয়েবসাইট ‘ভিজিট সৌদি’ পর্যটক ভিসাধারীদের জন্য একটি বার্তা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ‘মক্কা ও মদিনার পবিত্র শহরগুলো শুধুমাত্র মুসলিম পর্যটকদের জন্য সংরক্ষিত’। এই শহরগুলোতে প্রতি বছর লাখ লাখ মুসলিম হাজী সফর করে থাকেন। কিন্তু ‘ভিজিট সৌদি’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ দুটি পবিত্র শহরের মাঝামাঝি এমন অনেক জায়গা রয়েছে যেগুলো স্থানীয় সংস্কৃতি ও ইতিহাসের সাথে জড়িত এবং সেগুলো সবার জন্য উন্মুক্ত।
সৌদি আরবের ভি ভিসা (অভিবাসন সম্পর্কিত নয় এমন নন-ইমিগ্রান্ট ভিসা) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, অমুসলিমদের মদিনায় ভ্রমণের জন্য আমন্ত্রণ জানানো হলেও, মসজিদ-এ-নববীর পবিত্রতা রক্ষায় মসজিদ ও তার প্রাঙ্গণে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, অমুসলিমরা সাধারণত সৌদি আরবের ধর্মীয় স্থানগুলো যেমন মসজিদে প্রবেশ করতে পারে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে।
উদাহরণ হিসেবে বলা হয়েছে, অমুসলিমরা মক্কার প্রধান মসজিদের বাইরের এলাকায় প্রবেশ করতে পারবে, কিন্তু ভেতরে প্রবেশ করার অনুমতি তাদেরকে দেয়া হয়নি। সেক্ষেত্রে ধর্মীয় কোন স্থানে ভ্রমণ করার পরিকল্পনার আগে, সে স্থানগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য ও শর্তাদি আগে থেকে জেনে নেয়ার অনুরোধ করা হয়েছে।
মসজিদ আল-হারাম এবং মসজিদ এ-নববী বিষয়ক সরকারি কর্তৃপক্ষের প্রধান আবদুল রহমান আল-সাদিস পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষার উপর গুরুত্বারোপ করে বলেন, “কোন ধরণের লঙ্ঘন সহ্য করা হবে না। আইন লঙ্ঘনকারী যে জাতীয়তার হোক না কেন এবং সে যে কাজেই নিয়োজিত থাকুক না কেন।”