সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে বাসচালকসহ দুজনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শনিবার (৮ আগস্ট) ভোররাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জন দেবনাথ বলেন, ‘দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল।
এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুজনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ১০ জন।’
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। পরে নিহতদের মরদেহ ও আহতদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।