নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাওলানা আনসার উদ্দিন নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে স্থানীয় জনতা। পরে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ওই শিক্ষককে জুতার মালা পরিয়ে পুরো এলাকায় ঘোরান।
সোমবার (২৯ জুন) দুপুরে বুড়িরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আহমদিয়া বাজারের মোজাফফর নূরানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আনসার উদ্দিন ওই মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ভুক্তভোগী পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, সোমবার ভোর থেকেই হাতিয়া জুড়ে প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল। বৈরী আবহাওয়ার কারণে মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতি অন্য দিনের চেয়ে অনেক কম ছিল।
দুপুরের দিকে মাদ্রাসা ছুটি দেওয়ার পর, ফাঁকা সুযোগ বুঝে ওই শিশু শিক্ষার্থীকে কৌশলে একটি নির্জন কক্ষে নিয়ে যান সহকারী শিক্ষক আনসার উদ্দিন।
সেখানে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালান তিনি। একপর্যায়ে আশপাশে অন্য কোনো শিক্ষক বা লোকজন চলে আসতে পারে, এমন ভয়ে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে রেখে কক্ষ থেকে দ্রুত পালিয়ে যান।
নির্যাতনের শিকার ওই শিশুটি বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ে এবং পুরো বিষয়টি তার মাকে জানায়। ঘটনা শুনে মা তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয় প্রতিবেশীদের সঙ্গে নিয়ে মাদ্রাসায় যান।
খবরটি জানাজানি হলে মুহূর্তের মধ্যে শত শত ক্ষুব্ধ গ্রামবাসী মাদ্রাসায় এসে জড়ো হন। তারা অভিযুক্ত শিক্ষক আনসার উদ্দিনকে চারপাশ থেকে ঘেরাও করে আটক করেন।
এরপর উত্তেজিত জনতা আইন নিজের হাতে তুলে নিয়ে ওই শিক্ষকের গলায় জুতার মালা পরিয়ে দেন এবং তাকে টেনেহিঁচড়ে পুরো আহমদিয়া বাজার ও আশপাশের এলাকায় ঘোরান।
ঘটনার পর মাদ্রাসায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিচালনা কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিরা জরুরি বৈঠকে বসেন। মোজাফফর নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শামছুদ্দিন সময় সংবাদকে বলেন, শিক্ষকতা পেশার অবমাননা এবং এমন জঘন্যতম অপরাধের কারণে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনার পর শিশুর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বসে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদ্রাসাশিক্ষক কর্তৃক শিশু নির্যাতনের খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা তাকে জুতার মালা পরিয়েছিল বলে জানতে পেরেছি।
ভুক্তভোগী শিশুর পরিবারকে এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই মামলা রেকর্ড করে ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



