সকল নির্বাচনি কেন্দ্রে আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সংযোগ কিংবা বিকল্প সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।
আজ বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত আসন্ন পবিত্র রমজান মাস, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় উপদেষ্টা এ নির্দেশ দেন।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, যেসব এলাকায় লোডশেডিং হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব এলাকায় প্রয়োজনে তাৎক্ষনিক বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে। যে সব এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই সে সব এলাকায় সংযোগের ব্যবস্থা করতে হবে। যেসব দুর্গম এলাকা বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব না সেসব এলাকায় জেনারেটর কিংবা সৌর বিদ্যুৎ এর ব্যবস্থা করতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সর্বক্ষণিক মনিটরিং এর ব্যবস্থা রাখতে হবে। এজন্য সেন্ট্রাল মনিটরিং, লোকাল মনিটরিং টিম, নির্দিষ্ট ফোকাল পয়েন্ট প্রস্তুত থাকবে।
সভায় পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সাশ্রয়ে এসির ব্যবহারে সংযমী হওয়ার জন্য, অতিরিক্ত আলোকসজ্জা না করার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য ব্যবসায়ীগণকে অনুরোধ করা হয়। সবাই উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।