শরিফুল ইসলাম, শার্শা, (যশোর) প্রতিনিধি ॥ যশোরের শার্শায় মাছ চাষ করে পাঁচ হাজার পরিবারে সুদিন এসেছে। কর্মসংস্থান হয়েছে ৫০হাজার মানুষের। উপজেলার মাছের চাহিদা মেটানোর পর দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে এখানকার মাছ।
স্থানীয় উদ্যোগের ফলে তৈরী হয়েছে উপজেলা পর্যায়ে দেশের প্রথম ‘ফরমালিন মুক্ত’ মাছের বাজার। উপজেলার ১৫টি বাঁওড়, ২৭১টি ঘের, ১০টি বিল ও ছয় হাজার ৬১৯টি পুকুর মিলে ৬ হাজার ২শ’৩৯ হেক্টর জলাশয়ে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান। তিনি বলেন, এখানে চাহিদার তিন গুন বেশি মাছ উৎপাদিত হচ্ছে। প্রতি বছরে মাছের চাহিদা সাত হাজার পাঁচশত ৭২ মেট্রিক টন আর উৎপাদিত হয় ২১ হাজার চারশত ০৩ মেট্রিক টন। বাজারজাতকরন, পরিবহন ও বিপননে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আসছে বৈদেশিক মুদ্রা। স্বাবলম্বী হয়ে উঠেছে সাড়ে পাঁচ হাজার পরিবার।”
বাগআচড়া মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক আওছাফুর রহমান বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই উপজেলার চাষিরা মাছ চাষ করছেন। বছরে প্রতি একরে পাঁচ লাখ টাকা খরচ হচ্ছে। আর মাছ বিক্রি করতে পারছেন আট লাখ টাকার। অধিকাংশ মাছ চাষি দেশি রুই-কাতলার পাশাপাশি দ্রুত বর্ধনশীল সিলভার কার্প, মিনারকার্প, জাপানি রুই, গ্লাজকার্প, মাগুর, কই,পাঙ্গাস, লাইলোটিকা, তেলাপিয়া, মনোসেক্স ও বাটা মাছ চাষ করেন। উপজেলা মৎস্য পরিদর্শক আমিনুর রহমান বলেন, শার্শার মাছ সম্পুর্ণ ফরমালিন মুক্ত।
স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন উপজেলার তিনটি বড় মাছবাজার বেনাপোল, বাগআঁচড়া ও নাভারনের মাছ ব্যবসায়ী, মাছচাষিদের সাথে বৈঠক করে উপজেলার মাছবাজারকে সম্পুর্ন ‘ফরমালিন মুক্ত’ বাজার ঘোষনা করেছেন। এই বাজার থেকে সম্পুর্ণ ফরমালিন মুক্ত মাছ দেশের অভ্যন্তরে সরবরাহ করা হয় বলে এখানকার মাছের চাহিদাও অনেক বেশি। শার্শার ছোট বসন্তপুর গ্রামের ফিরোজ মামুন ২০০৪ সালে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ডিগ্রী অর্জনের পর বেকারত্ব ঘুচাতে মাছ চাষ শুরু করেন। প্রথমে একটু সমস্যায় পড়লেও বছর যেতে না যেতেই এর সুফল পেতে শুরু করেন। আজ তার ভাগ্যের চাকা ঘুরে গেছে।
ফিরোজ বলেন, ১৪বিঘা জলকরের দু’টি পুকুরে মাছ চাষ করছি। মাসে ৭হাজার টাকা বেতনে দু’জনকে ওই পুকুরে সার্বক্ষনিক দেখাশুনার জন্য রেখেছি। মাছ ও পানির গুনাগুন বুঝে এদের সঙ্গে সম্পর্ক করার জন্যই আজ আমার সফলতা এসেছে। “দু’টি পুকুরে মাছ ছাড়া থেকে শুরু করে তার খাদ্য, ওষুধ ও তদারকিতে বার্ষিক খরচ হয় প্রায় ৮লাখ টাকা তবে বছর শেষে আসে প্রায় ১৩ লাখ টাকা।”
শার্শার আমলাই গ্রামের মাছচাষি ছাফিয়া খাতুন বলেন, ৯৫শতক জলাশয়ে মাছ চাষ করে আমার সংসারে সুখ ফিরেছে।ওই জলাশয়ের ভেড়িতে বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছি। সবজি বেচেও পাচ্ছি বেশ টাকা। সহজ শর্তে সরকারি ঋন সুবিধা পেলে মাছ চাষের ক্ষেত্র বাড়ানো সম্ভব হবে বলে জানান ছাফিয়া।