রাজধানীতে এলাকাভিত্তিক শিডিউল অনুযায়ী একবার করে লোড শেডিং দেওয়া হলেও রাজধানীর বাইরের জেলাগুলোতে শিডিউল না মেনে তিন থেকে চারবার করেও লোড শেডিং করা হচ্ছে। এতে শহরের মানুষের ভোগান্তিটা কম হলেও ঘণ্টার পর ঘণ্টা লোড শেডিংয়ের কারণে ভুগছে গ্রামের মানুষজন।
বুধবারের লোড শেডিংয়ের সূচি প্রকাশ করা হয়েছে। এতে বুধবার কখন কোথায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে তা জানানো হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকার দুই বিতরণ কম্পানি ডিপিডিসি ও ডেসকো বুধবারের লোড শেডিংয়ের তালিকা প্রকাশ করেছে।
তবে বিদ্যুতের অন্য চার বিতরণ কম্পানি নেসকো, পিডিবি, আরইবি ও ওজোপাডিকো এখন পর্যন্ত বুধবারের লোড শেডিং সূচি প্রকাশ করেনি।
দেশে সবচেয়ে বেশি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (আরইবি)। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে আরইবির এক পরিচালক বলেন, ‘শিডিউল মেনে লোড শেডিং দেওয়ার আমাদের কোনো সুযোগ নেই। কারণ আমরা চাহিদার চেয়ে অনেক কম বিদ্যুৎ পাচ্ছি। যা দিয়ে একবার লোড শেডিং দেওয়া সম্ভব না। তাই বাধ্য হয়ে একাধিকবার লোড শেডিং দিতে হচ্ছে। ’
এদিকে জ্বালানি সংকটের এই সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট, শপিং মল খোলা দেখলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা শুরু হয়েছে। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুকে এই বার্তা দিয়েছেন।
প্রতিমন্ত্রী লিখেছেন, রাত ৮টার পর দোকানপাট, শপিং মল খোলা থাকলে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সরকারের এই সিদ্ধান্ত কঠোরভাবে মনিটর করা হবে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে।