রাজধানীর নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলার প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধা হরতালের ডাক দিয়েছে বিএনপি।
আজ শনিবার বিএনপির মিডিয়া সেলের প্রধান ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সরকারের পদত্যাগের দাবিতে দুপুর ২টা থেকে বিএনপির সমাবেশ শুরু হয়। তবে, তার আগেই রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা দুটি গাড়িতে এবং একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয়।
এদিকে, দুপুর আড়াইটার দিকে পল্টনে বিএনপির সমাবেশে পুলিশ ধাওয়া দেয় বলে অভিযোগ করেছে দলটি। এ সময় বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল স্টেজ থেকে বেলা ৩টায় হরতালের ঘোষণা দেন।
উল্লেখ্য, রাজধানীর নয়াপল্টনে ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। এরপর একই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এবং শাপলা চত্বরে সমাবেশের ডাক দেয় জামায়াতে ইসলামী। একই দিনে তিন দলের সমাবেশ ঘিরে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ বলছে, সংবিধানে যেকোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণভাবে রাজনৈতিক আন্দোলন, মিছিল, মিটিং ও সমাবেশ করার অধিকার রয়েছে। এসব ক্ষেত্রে পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে। কিন্তু কর্মসূচির আড়ালে কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।