যশোর অফিস: যশোর-ঝিনাইদহ সড়কে বাস দুর্ঘটনায় ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫জন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বারীনগরে রূপসা পরিবহনের একটি বাস রাস্তার ধারে একটি গাছে ধাক্কা দিলে এ দুর্ঘটনা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার দুপুর ১ টার দিকে রূপসা পরিবহনের যাত্রীবাহী বাসটি কুষ্টিয়া থেকে খুলনার দিকে যাচ্ছিল। যশোর-ঝিনাইদহ সড়কের বারীনগর বাজারের পাশে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।
আহতদের যশোর সদর হাসপাতালে নেয়ার পথে আরো দুইজন মারা যান। এদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। নিহতদের কারোরই পরিচয় জানা যায়নি। পরে বেলা পৌনে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা বলেন, দুর্ঘটনায় আহত কমপক্ষে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের হাত-পা-মুখমন্ডলে আঘাত লেগেছে। এদের সবার অবস্থা আশঙ্কাজনক। এ মুহূর্তে তাদের অবস্থার ব্যাপারে এরচেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।
হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে ২৩ জনের নাম-ঠিকানা জানা গেছে। তারা হলেন, যশোর শহরের শংকরপুর এলাকার সাব্বির, সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের নিখিল, আব্দুল্লাহপুর গ্রামের ফরিদা, ফতেপুর গ্রামের অরবিন্দু, রাজারহাট গ্রামের শরিফুল, ঝিনাইদহের কাজী ফরিদ, শহিদুল, রাশেদুল, রাহিদ রেজা, তরিকুল ইসলাম, কালীগঞ্জের সোহেল রানা, বারবাজার এলাকার বীথিমণি, ঈশ্বরদী এলাকার আমির, রঞ্জু, মাগুরার মিনহাজুল, সিরাজুল ইসলাম, কুষ্টিয়ার আঙ্গরা, আব্দুর রহিম, চান্দু, শাহ আলম, মুক্তা সিরাজুল এবং দীপ্ত আলম। আহতদের মধ্যে ৫/৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।