পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চারদিনের দিল্লী সফরে, তিনবার সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে; কিন্তু তিনি বিরোধী শিবিরের কোন শীর্ষ নেতার সঙ্গে এখন পর্যন্ত বৈঠক করেন নি।
নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৪৫ মিনিট একান্ত রুদ্ধদ্বার বৈঠক হয়েছে গতকাল শুক্রবার। এছাড়াও মোদীর সঙ্গে মমতা মুখোমুখি হচ্ছেন দু’টি সরকারি অনুষ্ঠানে। ‘আজাদি কা অম্রুত মহোৎসব’ কর্মসূচি আর দ্বিতীয় সরকারি বৈঠকটি হলো ‘নীতি আয়োগ’-এর বৈঠক।
এর মধ্যেই ঘটেছে পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত কেলেঙ্কারি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি পার্থকে গ্রেফতার করেছে। পার্থ রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মহাসচিব পদে ছিলেন। ফলে সঙ্কটে পড়েছে তৃণমূল। অন্যদিকে, বিরোধীরা পার্থ-কাণ্ডে তৃণমূলকে বেঁধার পাশাপাশি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, অনুব্রত মণ্ডল প্রমূখ বিতর্কিত দুর্নীতিবাজ নেতাদের নিশানা করেছেন। কয়লা পাচার, বালি পাচার ইত্যাদি কেলেঙ্কারিতে বিরোধীরা অভিষেককে কাঠগড়ায় তুলেছেন। যদিও অভিষেক তথা তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগই উড়িয়ে দেওয়া হয়েছে।
কিন্তু পার্থ-স্ক্যান্ডালে ইডির তদন্ত চলাকালীন সময়ে, নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘একান্ত রুদ্ধদ্বার সাক্ষাৎ’, সমালোচকদের আরও রাজনৈতিক আক্রমণের অবকাশ তৈরি করে দিয়েছে। বাজারে ছড়িয়ে পড়ছে ‘সেটিং’-এর তত্ত্ব। অর্থাৎ, মোদীর সঙ্গে একান্তে বৈঠক করে মমতা দু’পক্ষের মধ্যে যে রাজনৈতিক শত্রুতা এবং দূরত্ব ছিল, তাতে প্রলেপ দিতে চাইছেন।
মোদীর সঙ্গে মমতা দেখা করতে গিয়েছিলেন হলদে রঙের গোলাপের তোড়া নিয়ে। সাধারণ ভাবে বলা হয়, হলদে গোলাপ ‘বন্ধুত্বের প্রতীক’। তৃণমূল কংগ্রেস সূত্র থেকে জানা যায়, নরেন্দ্র মোদীর জন্য কোন উত্তরীয় নিয়ে যাবেন – ব্যক্তিগত ভাবে সেই ভাবনাতেও যথেষ্ট সময় ব্যয় করেছেন মমতা বন্দোপাধ্যায়। দিল্লির বাঙালি মহল্লা চিত্তরঞ্জন পার্ক থেকে মমতার তরফ থেকে মোদীর জন্য কেনা হয়েছে সন্দেশ এবং দই।