করোনাভাইরাসের সচেতনতায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পন্থা অবলম্বন করলেও কোলকাতার তরুণ-তরুণীরা করছেন অভিনব কাজ। প্রচলিত কোনো শাস্তি নয় মাস্ক পরে বাজারে না গেলে সংক্রমণ ঠেকাতে তরুণ-তরুণীরা পরিয়ে দিয়েছেন রজনীগন্ধা ফুলের মালা ।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবের বলা হয়, কলকাতার নিমতা বাজারে গতকাল রোববার এ ঘটনা ঘটেছে।
নিমতা বাজারে যারা মাস্ক না পরে বাজারে এসেছেন, তাদের গলায় পরিয়ে দেওয়া হচ্ছে রজনীগন্ধার মালা। মাস্ক না পরে আসারা হকচকিয়ে গেলে তরুণ-তরুণীরা বুঝিয়ে দিচ্ছেন, মাস্ক না পরে বের হলে শুধু আপনারই নয়, সমাজেরও কতটা ক্ষতি হতে পারে। তাই তারাই দায়িত্বজ্ঞানহীন মানুষদের মুখে একটি করে মাস্কও পরিয়ে দিচ্ছেন।
কেউ নিজের ভুল বুঝে লজ্জায় মুখ ঢাকছেন। কেউ বা আবার ভুল স্বীকার করে মাস্ক পরার অঙ্গীকার করছেন। ওই তরুণ-তরুণীদের এমন উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয়রা।
সাধারণত হিন্দু ধর্মেরর কেউ মারা গেলে তার ছবিতে রজনীগন্ধা ফুলের মালা পরানোর প্রচলন রয়েছে। মাস্ক না পরাদের সেই কথাই স্মরণ করিয়ে দিয়েছেন এ তরুণ-তরুণীরা।
পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ এরও বেশি। আর সমগ্র ভারতে এ সংখ্যা তিন হাজার ৫৮৮ জন।