লক্ষ্মীপুর: মাদকের বিস্তার সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি উল্লেখ করে এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদকের বিস্তার রোধ করা গেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সহজ হবে। এ লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, মাদক ও সন্ত্রাস একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তাই মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয়।
পানি সম্পদমন্ত্রী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রভাবশালী পরিচয় নির্বিশেষে মাদক কারবারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।