মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রদ্ধা ও ভালোবাসায় একাত্তরের বীর সন্তানদের স্মরণ করছে জাতি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে তারা ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া অন্যান্য দল ও সংগঠনের নেতারা একে একে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদেন করেছেন বিরোধীদলীয় নেতারা।
এরপরই স্মৃতিসৌধ খুলে দেয়া হয় সর্বসাধারণের জন্য। সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হয় ৮৪ একরের জাতীয় স্মৃতিসৌধ। ফুলে ফুলে ভরে ওঠে মূল বেদি।