বুধবার, ২০ মে ২০২৬
সর্বশেষ
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন | আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে কারিকুলামে আসছে বড় পরিবর্তন – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী | ব্র্যাক ডেইরি উদ্যোগে সাতক্ষীরায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত | পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর | অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না – ডিএমপি কমিশনার | সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে – বিমানমন্ত্রী | মরক্কোর সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী | মধুখালীতে এআই এর প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত |

মরক্কোর সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততা আরও গভীর করতে এবং মরক্কোর সঙ্গে অংশীদারত্বকে সহযোগিতা, অভিন্ন সমৃদ্ধি ও কৌশলগত সম্ভাবনার নতুন উচ্চতায় উন্নীত করতে আগ্রহী।

মঙ্গলবার (১৯ মে) রাবাতে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী, আফ্রিকান সহযোগিতা ও প্রবাসী বিষয়ক মন্ত্রী নাসের বুরিতার সঙ্গে বৈঠকে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পরে বুধবার (২০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততা আরও গভীর করতে এবং মরক্কোর সঙ্গে অংশীদারত্বকে সহযোগিতা, অভিন্ন সমৃদ্ধি ও কৌশলগত সম্ভাবনার নতুন উচ্চতায় উন্নীত করতে আগ্রহী বলেও জানান শামা ওবায়েদ।

এ বৈঠকে দুই নেতা রাজনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে নিয়মিত উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগের ওপর গুরুত্ব তুলে ধরেন।

এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরক্কো সফরের ঐতিহাসিক স্মৃতিচারণ করেন এবং তার নামে রাবাতে একটি সড়কের নামকরণ করায় মরক্কো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, বস্ত্রশিল্প, ওষুধশিল্প, সিরামিক, ক্রীড়া, সংস্কৃতি, কৃষি, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, জাহাজ নির্মাণ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন খাতে বাংলাদেশ-মরক্কো সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও তারা একমত হন। চলমান সহযোগিতার অগ্রগতি মূল্যায়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন ক্ষেত্র অনুসন্ধানে ঢাকায় দ্রুততম সময়ে পরবর্তী ফরেন অফিস কনসালটেশন আয়োজনেও তারা সম্মত হন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিমন্ত্রী সুবিধাজনক সময়ে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পরে বিকেলে পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শামা ওবায়েদ মরক্কোর শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিয়াদ মেজ্জুরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বাংলাদেশের উন্নত বিনিয়োগ পরিবেশের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের প্রস্তাব দেন। জবাবে মরক্কোর শিল্পমন্ত্রী ২০২৬ সালের শেষ নাগাদ বাংলাদেশে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠানোর আগ্রহ প্রকাশ করেন।

কৃষিখাতে বিদ্যমান অংশীদারত্বের প্রশংসা করে প্রতিমন্ত্রী ফসফেট রপ্তানির আরও নির্ভরযোগ্য ও কার্যকর সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতা জোরদারের আহ্বান জানান, যা বাংলাদেশের কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় অবদান রাখবে।

তিনি মরক্কোর বাজারে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের প্রসারে একসঙ্গে কাজ করার জন্য বাংলাদেশের প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেন।

দুই নেতা উদ্ভাবন, শিল্প প্রশিক্ষণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে গভীরতর সহযোগিতার অঙ্গীকার করেন। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও জোরদারে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনাও আলোচনা হয় বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

একই দিনে প্রতিমন্ত্রী মরক্কোর অর্থনৈতিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ব্যবসা, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নবিষয়ক মন্ত্রী ইউনেস সেক্কুরির সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে প্রতিমন্ত্রী নতুন সরকারের সামাজিক সুরক্ষা উদ্যোগ—‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচি এবং খাল পুনঃখনন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

দুই নেতা কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, নারী ও যুব ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করেন। জ্ঞান বিনিময়, কারিগরি সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্বের ওপরও তারা জোর দেন।

বৈঠকগুলোতে পররাষ্ট্রপ্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) আবদুর রউফ মণ্ডল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বর্তমানে মরক্কো সফরে রয়েছেন। তিনি ২০ মে ২০২৬ রাবাতে অনুষ্ঠিতব্য ‘ফ্রাঙ্কোফোন পরিবেশে শান্তিরক্ষা বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে’ অংশ নেবেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।