জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী, বিশিষ্ট আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সরকারের একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও পৃথক শোকবার্তায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তাগুলোতে প্রয়াত এই প্রবীণ রাজনীতিকের দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক চর্চা, আইন পেশায় অবদান এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কথা স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁর আত্মার শান্তি কামনা এবং পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি কামনা করা হয়।
উল্লেখ্য, রোববার (১২ জুলাই) ভোর আনুমানিক ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।