বিশেষ প্রতিবেদকঃ নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্যখাতের বাস্তবায়নাধীন সব প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। শ্লথগতিতে চলমান প্রকল্পগুলোর ক্ষেত্রে অসন্তোষ প্রকাশ করে কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রকল্পের কাজে শৈথিল্য মেনে নেওয়ার সুযোগ নাই। প্রয়োজনে ব্যর্থ প্রকল্প পরিচালকদের বদলী করে যোগ্য ও দক্ষ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
আজ সচিবালয়ে স্বাস্থ্যখাতের চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এই নির্দেশ দেন।
সভায় জানানো হয়, রাজধানীতে কোরিয়ান সহায়তায় নির্মাণাধীন মুগদা নার্সিং কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অব ডাইজেস্টিভ ডিজিজেস রিচার্স ও হাসপাতাল, সম্প্রসারণাধীন নিটোর হাসপাতাল এবং গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ-এর কাজ প্রায় শেষ পর্যায়ে।
দেশের বিভিন্ন স্থানে বাস্তবায়ধীন মেডিকেল কলেজ, হাসপাতাল নির্মাণ ও সম্প্রসারণসহ ২৬টি প্রকল্পের কাজ যেন দ্রুতগতিতে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সম্পন্ন হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদেরকে আরো তৎপর হওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, চিকিৎসা শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব ফয়েজ আহম্মেদসহ মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।