গভীর রাতে বোরকা পরে রাজধানীর মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদফতরের স্টোর রুমে আগুন লাগানোর ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অগ্নিকাণ্ডের পর ৮৩টি ল্যাপটপ খুঁজে পাওয়া যাচ্ছে না।
শনিবার (০২ মে) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিরপুর জোনের উপ পুলিশ কমিশনার মোস্তাক সরকার।
তারা হলেন- অধিদফতরের পরিচ্ছন্নতাকর্মী আসমাউল ইসলাম, মো. জিন্নাত আলী বিশ্বাস ও হুমায়ুন কবির খান।
তিনি বলেন, শুক্রবার রাত ২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যবর্তী সময়ে মিরপুর-২ এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের দ্বিতীয় তলার স্টোর রুমে দুর্বৃত্তরা আগুন দেন। এ ঘটনায় স্টোর রুমে থাকা ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ১৪০টি সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া ২৯টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ৮৩টি ল্যাপটপের কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পর পুলিশ প্রযুক্তির সহায়তায় শনিবার বিকেলে প্রথমে পরিচ্ছন্নকর্মী আসমাউল ইসলাম ও পরে তার দেয়া তথ্য মতে জিন্নাত আলী বিশ্বাস ও হুমায়ুন কবির খান নামে আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় আর কেউ জড়িত কি না জানতে চাইলে মিরপুর বিভাগের ডিসি মোস্তাক সরকার বলেন, তদন্ত চলছে। গ্রেফতার আসামিদের রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। যদি অন্য কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর অগ্নিকাণ্ডস্থল সশরীরে পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ওই সময় তাদের সঙ্গে মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন এবং অধিদফতরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।
ধ্বংসাবশেষ দেখে মন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে সচিবকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
ঘটনাস্থল পরিদর্শনের সময় মন্ত্রী উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়ে বলেন, এই আগুনের পেছনে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখতে হবে।