সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আদালতও দেয়নি, দুদকও দেয়নি। নিষেধাজ্ঞা না থাকলে তিনি যেকোনো জায়গায় যেতেই পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ সোমবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এন্টিগা ও নিউইয়র্ক সফর পরবর্তী মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, আগামী ৬ জুন বেনজীর দুদকে হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটা দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন।
ডয়চে ভেলের তথ্যচিত্রের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ডয়চে ভেলের প্রতিবেদনের সারমর্ম বোঝা মুশকিল। মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে তারা প্রতিবেদন করেছে, যাতে জাতিসংঘে আমাদের শান্তিরক্ষী বাহিনীর অবদানকে খাটো করা যায়।
তিনি বলেন, শ্রমিকরা মালয়েশিয়ায় যেতে না পারার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। শ্রমিক পাঠানোর জন্য ৩১ মে যে ডেডলাইন ছিল, সেটি বাড়ানোর জন্য আলোচনা চলছে।
শ্রমিক যেতে না পারার পেছনে কাদের গাফিলতি ছিল, সেটিও তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে। এটাতো অন্য কেউ তুলে আনেনি। সরকার এ ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ এবং সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার।



