করোনা মহামারি শুরুর বছর, অর্থাৎ ২০২০ সালের পর থেকে এ পর্যন্ত গত চার বছরে বিশ্বের অনেক ধনী ব্যক্তির সম্পদ বেড়েছে। অন্যদিকে বিশ্বের ৬০ শতাংশ মানুষ তাদের সম্পদ হারিয়ে আরও দরিদ্র হয়েছে। ২০২০ থেকে ২০২৪ এ চার বছরে দ্বিগুণ হয়েছে বিশ্বের পাঁচ শীর্ষ ধনী ব্যক্তির সম্পদ। এই পাঁচ ধনকুবেরের সম্পদ প্রতি ঘণ্টায় ১৪ মিলিয়ন ডলার হারে বেড়েছে। অর্থাৎ শতাংশ হিসেবে গত চার বছরে এই পাঁচজনের সম্পদ বেড়েছে ১১৪ শতাংশ। বিশ্বের সবচেয়ে ধনী ১ শতাংশ মানুষ স্টক, শেয়ার ও বন্ডসহ ব্যক্তিগতভাবে অংশীদারিত্বসব বৈশ্বিক আর্থিক সম্পদের ৫৯ শতাংশের মালিক। ধারাবাহিকভাবে তাদের সম্পদ বাড়তে থাকলে শিগগিরই হয়তো পৃথিবীবাসী আগামী এক দশকের মধ্যেই বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার দেখতে পাবে। বৈষম্যময় পরিস্থিতিতে আগের চেয়ে আরও বেশি গরিব হয়েছেন বিশ্বের প্রায় ৫০০ কোটি মানুষ।
আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান অক্সফামের ‘ইনইকুয়ালিটি ইনকর্পোরেটেড’ নামক এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৪ বছরে বিশ্বের শীর্ষ ৫ ধনী হলেন- ফরাসি বিলাসী পণ্য নির্মাতা প্রতিষ্ঠা লুই ভিতোঁর প্রধান বার্নার্ড আর্নল্ট, আমাজনের জেফ বেজোস, বিনিয়োগকারী ওয়ারেন বাফেট, ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এবং টেসলার সিইও ইলন মাস্ক। মূল্যস্ফীতির হিসাব বিবেচনায় নিয়েই ২০২০ সাল থেকে বিশ্বের শীর্ষ ৫ বিলিয়নিয়ারের মোট সম্পদ ৪০৫ বিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮৬৯ বিলিয়ন ডলার। তবে কেবল এই ৫ শীর্ষ ধনী নয়। সম্পদ বেড়েছে গড়ে প্রায় সব শত কোটি ডলারের মালিকদের (বিলিওনিয়ার)। এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন খাতের প্রতি ১০টি শীর্ষ উৎপাদন প্রতিষ্ঠানের ৭টিরই হয় মালিক, নয়তো বেশিরভাগ শেয়ারের অধিকারী কোনো না কোনো বিলিওনিয়ার। গত চার বছরে বিশ্বের শীর্ষ ১৪৮টি কোম্পানির গড় মুনাফা ছিল ১ লাখ ৮০ হাজার কোটি ডলার।
সম্পদশালী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ইলন মাস্ক। তিনি টেসলা, স্পেসএক্স, এক্সসহ (সাবেক টুইটার) বেশ কয়েকটি সংস্থা চালান। গত বছরের নভেম্বরের শেষ নাগাদ তার সম্পদ বেড়ে দাঁড়ায় ২৪৫.৫ বিলিয়ন ডলার, যা ২০২০ সালের মার্চের তুলনায় ৭৩৭ শতাংশ বেশি। এরপরের স্থানেই আছেন ফরাসি বিলাসী পণ্যের জায়ান্ট লুই ভিতোঁর চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট। তার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১৯১ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা ২০২০ সালের মার্চের তুলনায় ১১১ শতাংশ বেশি। একই সময়ে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১৬৭ দশমিক ৪ বিলিয়ন ডলারে, যা আগের তুলনায় ২৪ শতাংশ বেশি। একই সময়ে ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের মোট সম্পদ ১০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে। আর বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেটের সম্পদ এ সময়ে ৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৯ দশমিক ২ বিলিয়ন ডলারে।
বিশ্বের শীর্ষ ধনীদের দাপট ও অর্থনীতিতে তাদের একচেটিয়া বাণিজ্য, কর ব্যবস্থার অনিয়ম ও করফাঁকির সুযোগ একদিকে যেমন বিলিওনিয়ারদের সম্পদ বৃদ্ধি করছে, তেমনি অন্যদিকে বিশ্বজুড়ে প্রকট করে তুলছে অসাম্য। বিশেষজ্ঞদের মতে, আর্থিক অসাম্য কোনো দুর্ঘটনা বা নিয়তি নির্ধারিত ব্যাপার নয়, বরং এমন একটি অর্থনৈতিক ব্যবস্থার ফসল— যা নিয়ন্ত্রণ করে আসলে কর্পোরেট শক্তি। এই ব্যবস্থায় কর্পোরেটদের তথাকথিত বিভিন্ন নিয়ম-নীতি এবং কৌশলের জেরে মানুষের পকেট হালকা হয়, আর ভারি হয় তাদের পকেট। কর্পোরেটদের দৌরাত্ম্যে বিশ্বের প্রায় সব দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা চাপে রয়েছেন এবং দিনকে দিন বাড়ছে এই চাপ।
অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, ধনীদের সম্পদের পাহাড় আরও বাড়লেও একই সময়ে মূল্যস্ফীতি, যুদ্ধ ও জলবায়ু সংকটের সঙ্গে লড়াই করে বিশ্বের প্রায় ৫ বিলিয়ন অর্থাৎ ৫০০ কোটি মানুষ আরও দরিদ্র হয়েছে। শতকরা হিসেবে যারা বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশ, নিজেদের সম্পদের ২ শতাংশ খুইয়েছেন। বর্তমান পরিস্থিতিতে বিশ্বে দারিদ্র্য দূর করতে ২৩০ বছরের মতো সময় লাগবে। ধনী ও গরিবের মধ্যকার এ বিশাল পার্থক্য আরও বাড়তে পারে। বিশ্বব্যাপী মানুষ কম মজুরি ও চাকরির নিরাপত্তা না থাকা সত্ত্বেও কঠোর পরিশ্রম এবং দীর্ঘ সময় কাজ করছে। ২০২০ সাল থেকে বিশ্বের ৫২টি দেশের ৮০ কোটি মানুষের মজুরি হ্রাস পেয়েছে। এ সময়ে এ মানুষগুলো দেড় ট্রিলিয়ন ডলার সম্পদ হারিয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি বৈষম্যের দেশ সাউথ আফ্রিকা। যুক্তরাজ্যে সবচেয়ে ধনী ১ শতাংশ সব আর্থিক সম্পদের সাড়ে ৩৬ শতাংশের মালিক, যার মূল্য ১ দশমিক ৮ ট্রিলিয়ন পাউন্ড।
অক্সফাম বলছে, অধিকাংশ দেশে মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পেতে গিয়ে সমস্যায় পড়েন, বাজারে নিজেদের পণ্য ও পরিষেবা বিক্রি করতে গিয়ে কর্পোরেটদের প্রতিযোগিতার মুখে পড়েন, বাজারে টিকে থাকার জন্য আর্থিক ক্ষতি স্বীকার করে কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হন; এমনকি সরকারি সহায়তারও একটি উল্লেখযোগ্য অংশে ভাগ বসান কর্পোরেটরা। অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন ও কর্পোরেট দৌরাত্ম্য থামানো ব্যতীত বিশ্ব থেকে আর্থিক অসাম্য দূর করা সম্ভব নয়।