দেশে নিবন্ধিত প্রায় ৪০ লাখ বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, জাতি, ধর্ম কিংবা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে ‘দি দাউদি বোহরাস অব বাংলাদেশ’-এর উদ্যোগে নবনির্মিত ‘প্রজেক্ট রাইজ ওয়ার্ড ফর চাইল্ড হেলথ কেয়ার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে, যেখানে কোনো মানুষ নিজেকে অবহেলিত, বঞ্চিত বা অসহায় মনে করবে না। সরকারের বিভিন্ন মানবিক উদ্যোগ ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে বলেও তিনি উল্লেখ করেন।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সময়মতো প্রয়োজনীয় থেরাপি ও চিকিৎসা দেওয়া গেলে তারা স্বাভাবিক জীবনযাপনের সক্ষমতা অর্জন করে সমাজের মূলধারায় যুক্ত হতে পারে।
তিনি এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন। সমাজসেবামূলক প্রতিষ্ঠানে অনুদান প্রদান করলে কর (ট্যাক্স) রেয়াতের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি এ সুবিধা গ্রহণেরও আহ্বান জানান।
এ মানবিক উদ্যোগ বাস্তবায়নের জন্য বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এবং দি দাউদি বোহরাস অব বাংলাদেশকে ধন্যবাদ জানান মন্ত্রী।
বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ৮০ শয্যার একটি ফিজিওথেরাপি কেন্দ্র পরিচালনা করে আসছে।
নতুন ‘প্রজেক্ট রাইজ ওয়ার্ড ফর চাইল্ড হেলথ কেয়ার’ চালুর মাধ্যমে আরও ৭০টি শয্যা যুক্ত হওয়ায় এখন প্রতিষ্ঠানটিতে মোট ১৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন সুবিধা দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস রত্নার সভাপতিত্বে দি দাউদি বোহরাস অব বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।