লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে দুই দিন ধরে অনশন করছেন ফেনীর এক তরুণী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে স্থানীয়ভাবে জানা গেছে, অভিযুক্ত প্রেমিক ইমন হোসেন এর আগেও দুইটি বিয়ে করেছেন।
সোমবার (২৪ আগস্ট) উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উদ্য পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
অনশনরত তরুণীর নাম ফাতেমা আক্তার। তিনি ফেনী থেকে রামগঞ্জে এসে প্রেমিক ইমন হোসেনের বাড়িতে অবস্থান করছেন।
ফাতেমা আক্তারের দাবি, বিয়ের আশ্বাস দিয়ে ইমন হোসেন তার সঙ্গে প্রেমের সম্পর্কে করেন। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় ইমন। বাধ্য হয়ে তিনি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন।
ফাতেমা আক্তার বলেন, ইমন আমাকে মায়ের দুধের কসম করে বিয়ের আশ্বাস দিয়েছিল। তার আশ্বাসেই আমি তার সঙ্গে সম্পর্কে জড়াই। এখন সে আমাকে বিয়ে করতে রাজি নয়। তাই বিয়ের দাবিতে আমি তার বাড়িতে এসে অনশন করছি।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন হোসেন এর আগেও দুইটি বিয়ে করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে এ বিষয়ে ইমন হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। সে গা-ঢাকা দিয়েছে। তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।





