সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করেই একটি সমৃদ্ধ দেশ গড়া সম্ভব। দেশে বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর জোর দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পবিত্র ইস্টার সানডে উপলক্ষ্যে আজ রাজধানীর কাকরাইলের আর্চবিশপস হাউজে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে মন্ত্রী এ আহ্বান জানান।
ইউনাইটেড ফোরাম অব চার্চেস-বাংলাদেশের প্রেসিডেন্ট আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ, ওএমআই-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়। আমাদের লক্ষ্য একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
মন্ত্রী আরো বলেন, মানুষের কল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। মানুষের জীবনমান উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের মাধ্যমে সরকার একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায়।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।