বিশেষ প্রতিবেদক(২০.০১.২০১৮)ঃ বিএনপি নির্বাচনের মাঠে নামলে দেশে রাজনৈতিক পরিবেশ বদলে যাবে আর তখন সরকার নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতা এ কথা বলেন।
মওদুদ আরো বলেন, বর্তমান সরকারকে আর একতরফা নির্বাচন করার সুযোগ দেওয়া হবে না।
বিএনপি নেতা বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিপুল ভোটে ভরাডুবির আশংকায় নির্বাচন কমিশন ও সরকার যৌথভাবে ডিএনসিসি নির্বাচন স্থগিত করেছে।
ব্যারিস্টার মওদুদ বলেন, ‘আমাদের ওপর কত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। তারা একদিকে টিম গঠন করেছে (জাতীয় নির্বাচনের জন্য) আর আমরা অনেকটা বন্দি অবস্থায় আছি। সভা করতে দেয় না, ঘরোয়া একটা বৈঠক করতে দেয় না। আমার গ্রামে ঘরোয়াভাবে আমার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার কোনো সুযোগ পুলিশ আমাদের দেয় না। সারা বাংলাদেশেই এই অবস্থা।’



