ক্রীড়া ডেস্ক: অবারও বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে দারুণ ফর্মে থাকা বার্সেলোনা। তবে এবার প্রতিপক্ষের মাঠে। তাই শেষ ম্যাচে লা লিগায় বিলবাওকে ৬-০ গোলে উড়িয়ে দিলেও কোপা দেল রের এই ম্যাচে বেশ সতর্কই লুইস এনরিকের দল। সান মামেসে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের এই ম্যাচটি বাংলাদেশ সময় বুধবার রাত ২টায় শুরু হবে।
গত মৌসুমে এই অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েই কোপার শিরোপার জিতেছিল বার্সেলোনা। এরপর গত আগস্টে স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও মুখোমুখি হয় দুই দল। কিন্তু এখানেই ঘটে চরম এক অঘটন। প্রথম লেগে বিলবাওয়ের মাঠ সান মামেসে ৪-০ গোলে বিধ্বস্ত হয় বার্সেলোনা। ফিরতি লেগে বার্সা ১-০ গোলে জিতলেও শিরোপা যায় বিলবাওয়ের ঘরেই। আর গত মৌসুমে ওই একটি শিরোপাই জিততে ব্যর্থ হয় এনরিকের দল।
অবশ্য সান মামেসে ওই হারের প্রতিশোধ সপ্তাহ খানেক বাদেই নিয়েছিল বার্সেলোনা। বিলবাওকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়ে এবারের লা লিগা মিশন শুরু করে কাতালানরা। গত রোববার তো লিগেই ন্যু ক্যাম্পে বিলবাওকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বার্সা। তারপরও স্প্যানিশ সুপার কাপে বড় হারের সেই দুঃখ সেভাবে ভুলতে পারার কথা নয় মেসি-নেইমারদের। এনরিকও তাই ফের কোনো অঘটন এড়াতে খুব সতর্ক।
ম্যাচের আগের দিন বার্সা কোচ এনরিক বলেন, ‘আমরা স্বাগতিক পরিবেশে খেলে অভ্যস্ত। তবে আগামীকালের (বুধবার) ম্যাচটা ন্যু ক্যাম্পে রোববারের ম্যাচের থেকে বেশ ভিন্নই হবে। দুই ম্যাচ একই হয় না। অ্যাথলেটিক শেষ ম্যাচটাকে অনুপ্রেরণা হিসেবে নিতে পারে।’
সতর্ক হলেও সান মামেসেও রোববারের ম্যাচের পুনরাবৃত্তিই ঘটাতে চায় বার্সা। যদিও এই ম্যাচে থাকছেন না শেষ ম্যাচে হ্যাটট্রিক করা লুইস সুয়ারেজ। কোপা দেল রেতে দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে বুধবারের ম্যাচে খেলতে পারছেন না বার্সার উরুগুইয়ান স্ট্রাইকার।
বার্সার সেরা তারকা লিওনেল মেসি আগের ম্যাচের পুরোটা সময় খেলতে পারেননি। পায়ে ব্যথার কারণে দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে মাঠে নামাননি বার্সা কোচ। যদিও স্ক্যানের পর মেসির গুরুতর কোনো চোট ধরা পড়েনি বলেই জানিয়েছে বার্সা। তবে বুধবারের ম্যাচে তিনি খেলবেন কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছুই জানানো হয়নি।