ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা স্প্যানিশ কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে। শেষ ষোলোর দ্বিতীয় লেগে বুধবার দিবাগত রাতে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লুইস এনরিকের শিষ্যরা।
এস্পানিওলের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে ৪-১ গোলে জয় পায় বার্সা। আর বুধবার দ্বিতীয় লেগে তারা জয় পায় ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৬-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে মেসি-হাদ্দাদিরা।
বার্সেলোনার এমন জয়ে জোড়া গোল করেছেন মুনির এল হাদ্দাদি। তিনি ম্যাচের ৩২ ও ৮৮ মিনিটে গোল করেন।
আগের লেগে এস্পানিওলের খেলোয়াড়দের সঙ্গে অখেলোয়াড় সুলভ আচরণের কারণে এই ম্যাচে মাঠে নামতে পারেননি লুইস সুয়ারেজ। তবে তাকে ছাড়াই জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কাতালানরা।
বার্সেলোনা ছাড়াও কোয়ার্টার ফাইনালে উঠেছে লাস পালমাস, সেল্টা ভিগো ও অ্যাথলেটিক বিলবাও। বুধবার লাস পালমাস ৩-২ গোলে (৬-৪) হারিয়েছে এইবারকে, সেল্টা ভিগো ২-০ গোলে (৫-০) কাদিজকে আর অ্যাথলেটিক ১-০ গোলে (৪-২) ভিয়ারিয়ালকে।