বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৭ জুলাই থেকে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন জেলায় নগদ অর্থ ও খাদ্যশস্য বরাদ্দ দিয়ে যাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সর্বশেষ ১২ জুলাই পর্যন্ত দেশের ৬৪ জেলার জন্য মোট ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, শেরপুর ও কুড়িগ্রাম জেলার জন্য সম্মিলিতভাবে ৬০ লাখ টাকা এবং ১ হাজার ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। একই সময়ে দেশের বাকি ৫৭ জেলার প্রতিটির জন্য ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়।
পরবর্তীতে পরিস্থিতির অবনতি বিবেচনায় কয়েকটি জেলায় অতিরিক্ত সহায়তা প্রদান করা হয়। ৯ জুলাই চট্টগ্রাম জেলার জন্য অতিরিক্ত ২৫ লাখ টাকা ও ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। একই দিনে কক্সবাজারে ২০ লাখ টাকা ও ২৫০ মেট্রিক টন চাল, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবানে প্রতিটি জেলায় ১০ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল করে বরাদ্দ দেওয়া হয়। এছাড়া মৌলভীবাজার জেলার জন্য ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়।
১০ জুলাই চট্টগ্রাম জেলার জন্য আরও ৫ লাখ টাকা এবং ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়, যাতে চলমান ত্রাণ কার্যক্রম আরও জোরদার করা যায়।
সর্বশেষ ১২ জুলাই, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার জন্য নতুন করে অতিরিক্ত বরাদ্দ ঘোষণা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম পায় ২৫ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল, আর রাঙ্গামাটির জন্য বরাদ্দ দেওয়া হয় ৫ লাখ টাকা এবং ১০০ মেট্রিক টন চাল।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি খাদ্য সহায়তা নিশ্চিত করা এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখতে এসব বরাদ্দ প্রদান করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।