অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী

অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী
পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি

দেশের অর্থনীতি বর্তমানে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হলেও সম্মিলিত প্রচেষ্টায় তা পুনরুদ্ধার সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘BAGMA Annual Program 2026’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে পোশাক শিল্প ইতোমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছে। এই খাত দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান এবং শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতেও জাতীয় অর্থনীতির অগ্রযাত্রায় এ শিল্পের ভূমিকা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে অর্থনীতি বিভিন্ন কারণে চাপের মধ্যে পড়েছে। সম্পদ পাচার, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ কিছু চ্যালেঞ্জ দেশের অর্থনীতিকে দুর্বল করেছে। তবে পরিকল্পিত উদ্যোগ, দক্ষ নেতৃত্ব এবং বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।

স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি, প্রযুক্তিনির্ভর উৎপাদন, উদ্ভাবন এবং সৃজনশীল অর্থনীতির বিকাশের মাধ্যমে বাংলাদেশ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। এজন্য পোশাক শিল্পে দক্ষ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি জানান, কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পের সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। উৎপাদন বৃদ্ধি এবং নতুন উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার জন্যও নীতিগত সহায়তা দেওয়া হবে।

পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ সংকট, পাশাপাশি উচ্চ সুদের হার উদ্যোক্তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে পোশাক শিল্পের বর্তমান অবস্থা, দক্ষতা উন্নয়ন, বৈশ্বিক প্রতিযোগিতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা মতবিনিময় করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।