এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় প্রয়াত মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান শেখ শাহাবুদ্দীনের ভোগ দখলী দোকান ঘরের ভাড়াটিয়া কসাই রহিম কাগুজী জবর দখলের পায়তারা করছে। ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, থানার কুমিরা গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা ও ৪ নং কুমিরা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান শেখ শাহাবুদ্দীন জীবিত থাকা অবস্থায় কুমিরা বাসষ্ট্যান্ড বাজারের জেলা পরিষদের জায়গা ইজারা বন্দোবস্তের মাধ্যমে দীর্ঘ চার দশক ধরে ভোগ দখলীকার থাকাবস্থায় গত ১০/১২ বছর পূর্বে একই গ্রামের মৃত নছিমদ্দীন কাগজীর পুত্র কসাই রহিম এর কাছে মাসিক চুক্তিতে ভাড়া দেন। তিনি গত ইংরেজী ২০১০ সালের ১৫ জানুয়ারী মৃত্যুবরণ করার সুবাদে পর সম্পদ লোভী সুচতুর ঐ ভাড়াটিয়া মুক্তিযোদ্ধার পুত্র শেখ শরিফুলের সাথে ভাড়া নিয়ে এবং তার পিতার কাছে টাকা পাওনা রয়েছে বলে টালবাহানা করতে থাকে। এনিয়ে এলাকাবাসী কয়েক দফায় শালিস বৈঠকে বসেন। শালিসে প্রয়াত মুক্তিযোদ্ধার জায়গা এবং দোকান ঘর পরিবারের কাছে বুঝে দেয়ার সিদ্ধান্ত হলেও ভাড়াটিয়া ঐ কসাই নানাভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত অব্যাহত রাখে। এরই মধ্যে এক পর্যায়ে সামনের দোকান ঘর ছেড়ে দিলেও পিছনের জায়গা দখলে রাখার উদ্দেশ্যে ভাড়াটিয়া তার পরিবার পরিজন নিয়ে বসবাস করতে থাকে এবং রাতের আধারে ঘর নির্মাণের পায়তারা করে। এদিকে মুক্তিযোদ্ধার পুত্র শেখ শরিফুল ইসলাম সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয় থেকে পৈতৃক সম্পত্তি দখলীকার একই মৌজাধীন এস এ খতিয়ান ০২ দাগ ১৫১০ ও ১৬১১ এবং হাল-২৫১১ দাগে ২৬২ নং ইজারা কেস মুলে বন্দোবস্ত গ্রহণ করেন।
বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে জবর দখলকারী কসাই আরও বেপরোয়া হয়ে দোকানের পেছনের জায়গা নিজ দখলে রাখার হীনমানসে রাতের আঁধারে পাকা ঘর নির্মাণের পায়তারা করলে সংশ্লিষ্ট কতৃপক্ষের নির্দেশে তা বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধা পরিবার জবর দখলকারীর কবল থেকে উদ্ধারের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।