ধামরাই প্রতিনিধি: ঢাকার উপকণ্ঠ ধামরাইয়ে প্রথম শ্রেণিপড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বৈদ্য সাহা (৩৪) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয় লোকজন।
পুলিশ ও স্বজনরা জানায়, গতকাল সোমবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে শিশুকে তুলে নিয়ে যান বৈদ্য সাহা।গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলকলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির বড় বোন জানান, তাঁর বোন সাভারের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ালেখা করে। গতকাল স্কুলে যায় সে। বিকেলে প্রতিবেশী বৈদ্য সাহা কৌশলে তাকে গাড়িতে করে ধামরাইয়ের কাওয়ালীপাড়া নিয়ে যায়। সেখানে গিয়ে শিশুটিকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায় বৈদ্য। এরপর একটি লেবুক্ষেতে নিয়ে ধর্ষণ করা হয় তাকে। চিৎকার শুনে স্থানীয়রা শিশুটিকেআশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। এ সময় বৈদ্যকে আটক করে গণধোলাই দেওয়া হয়। পরে তাকে ধামরাই থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ইসরাত জাহান উম্মান বলেন, ধর্ষণের কারণে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি ধর্ষণের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’