সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের আশু রোগমুক্তি ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা সাজেদুর রহমান যৌথভাবে এই দোয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আসরের নামাজের পর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা মসজিদে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন হেফাজত আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।
অনুষ্ঠানে উপস্থিত আলেম-উলামা, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তিনি ধর্মমন্ত্রীর জন্য মোনাজাত পরিচালনা করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী উল্লেখ করেন, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ একজন দ্বীনদার, মানবহিতৈষী ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব। মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করে পুনরায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দান করেন।
একই দিনে বাদ জোহর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সেখানে মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়ায় দোয়া পরিচালনা করেন হেফাজত মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। পাশাপাশি জামিয়া ওবায়দিয়া নানুপুর, জামিয়া আরাবিয়া জিরি, জামিয়া ইউনুছিয়া এবং কুমিল্লার আশরাফুল উলুম মাদ্রাসাসহ দেশের বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানেও সমসাময়িক দোয়া মাহফিল পালিত হয়।
সংগঠনটির শীর্ষ নেতারা মনে করিয়ে দেন, অসুস্থ ব্যক্তির জন্য সুস্থতার দোয়া করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাহ ও দিকনির্দেশনা। উল্লেখ্য, ধর্মমন্ত্রী বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং শুক্রবার তাঁর বাম নিতম্বে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।