খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: তালা উপজেলা শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী উদযাপন পরিষদ ও গোপালপুর রাধাগোবিন্দ মন্দির কমিটির আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি গোপালপুর রাধাগোবিন্দ মন্দির প্রঙ্গন হতে বের হয়ে প্রায় ৩ কিলোমিটার অতিক্রম শেষে মোবারকপুর মন্দির প্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হয় এবং সেখানে শ্রীকৃষ্ণ ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
উক্ত র্যালিতে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন, মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, উপজেলা পূজা কমিটির সহ সভাপতি নারায়ন চন্দ্র মজুমদার সহ শত শত কৃষ্ণভক্ত নারী-পুরুষ র্যালীতে স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন। অনুরুপ শ্রীকৃষ্ণের জন্মতীথি উদযাপনে মাঝিয়াড়া জগন্নাথ মন্দির প্রাঙ্গন হতে আরও একটি র্যালী অনুষ্ঠিত হয়।