মাদারীপুরে খালের পানিতে জেলেদের ফাঁদে ধরা পড়লো কুমির। শনিবার দুপুর ১টার দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে। কুমির দেখতে সেখানে ভীড় করে উৎসুক জনতা। পরে এটিকে পিটিয়ে হত্যা করা হয়।
আজ শনিবার দুপুরে কালকিনির নতুন আন্ডারচরের আড়িয়াল খাঁ নদের সংযোগ খালে কুমির দেখতে পান এলাকাবাসী। পরে বিভিন্ন কৌশল খাটিয়ে সেটিকে আটকে ফেলেন তারা। রশি দিয়ে বেধে ফেলা হয়। বিষয়টি জানাজানি হলে সেখানে ভীড় জমান স্থানীয়রা। পরে ১১৯নং উত্তর আন্ডারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুমিরটি নিয়ে আসা হয়। একপর্যায়ে কুমিরটিকে পিটিয়ে হত্যা করেন উৎসুক জনতা।
জানা যায়, সম্প্রতি কালকিনির আড়িয়াল খাঁ নদের বিভিন্ন স্থানে বেশকিছুদিন ধরে কুমির দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনও মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করে দেয়। এরপর সতর্ক অবস্থানে থাকেন বাসিন্দারা। মাদারীপুরের বন বিভাগের ইদ্রিস হাওলাদার বলেন আজকে দুপুরে সাহেবরামপুর ইউনিয়নের উত্তর আন্ডার গ্রামের আড়াল খা নদীতে কুমির দেখতে পেরে এলাকার লোকজন কুমিরকে ধরে প্রাথমিক বিদ্যালয়ের পিটিয়ে মেরে ফেলেছে। এখন আমরা কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, কুমির আটকের খবর পেয়ে বন বিভাগের লোকজন ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে যায়। উৎসুক জনতা কুমিরকে পিটিয়ে মেরে ফেলে। কিন্তু বন্যপ্রাণী হত্যা করা আইনগত দন্ডনীয়। কুমিররের দেহ উদ্ধার করা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।