সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের নড়িয়া পৌর সভায় উপ-নির্বাচনে ভোট গ্রহন চলছে। রবিবার সকাল থেকে বৃষ্টি থাকায় কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কমতে থাকলে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। বাড়তে থাকে জাল ভোটারের সংখ্যা। আবার জাল ভোট প্রদানকালে কয়েক জনকে আটক করা হয়েছে। সর্ব প্রকার নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তৎপর।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নড়িয়া পৌরসভার নির্বাচিত মেয়র হায়দার আলী মৃত্যু বরণ করলে মেয়র পদ শূণ্য হয়। শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ৯টি কেন্দ্রে ভোট গ্রহন চলছে। সকালে বৈরী আবহাওয়া ও বৃষ্টি থাকায় ভোটারের উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সাথে ভোটারের উপস্থিতি বাড়ছে।
নির্বাচনী কেন্দ্র ঘুরে দেখা যায়, পৌর সভার ৫ নং ওয়ার্ড কলুকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫শত ২২ জন ভোটার রয়েছে। বেলা ১০টা পর্যন্ত ৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। পূর্ব নড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ২৩ ভোটার, নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৬৬ জন ভোটার, প্রেমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২২শত ১৯ জন ভোটার, বাঘেরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭ শত ৭৫ জন ভোটার রয়েছে। এসকল কেন্দ্রে ভোটারের উপস্থিতি ও ভোট প্রদানে ভোটারের উৎসাহ উদ্দিপনা লক্ষ করা গেছে। তবে বাঘের বাড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই জাল ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এক পর্যায়ে বাঘেরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদানের অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। এ সময় আরও ২ জন জাল ভোট প্রদানকারী পালিয়ে যায় বলে জানা গেছে।
বাঘেরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা বলেন, ভোট গ্রহন শুরু থেকেই জাল ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল ৯টার পরে একযোগে ৯ জন জাল ভোটার কেন্দ্রে প্রবেশ করে। তখন ৭ জন জাল ভোটারকে আটক করা হয়। অপর ২ জন জাল ভোটার পালিয়ে যায়। আটককৃতরা হলেন কালাচান মোল্যার ছেলে মীরহোসেন, কাশেম সরদারের ছেলে ইয়াসিন সরদার, আবুল বাশারের ছেলে রায়হান খালাসী, ভোলানাথ কর্মকারের ছেলে রতন কর্মকার, জয়নাল বেপারীর মেয়ে আকলিমা বেগম, মোকলেছুর রহমানের মেয়ে সুরাইয়া জান্নাত ও রহমত আলীর মেয়ে কুলছুমা। বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান ঘটনাস্থলে পৌঁছেছে। সেই সিদ্ধান্ত নিবে জাল ভোটারদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহন করা হবে।