স্টাফ রিপোর্টার: তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলাগুলো’ প্রত্যাহারের দাবিতে দেশের সকল বারে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
কর্মসূচির মধ্যে রয়েছে সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।
রোববার সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ফোরামের এক সংবাদ সম্মেলেন এই কর্মসূচির ঘোষণা দেন ফোরামের মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন।
সংবাদ সম্মেলনে তিনি আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানান। তিনি বলেন, আইনমন্ত্রী বলেছেন, নিম্ন আদালত তারেক রহমান দ্বারা প্রভাবিত হয়ে রায় দিয়েছে।
মাহবুব উদ্দিন খোকন বলেন, লন্ডনে বসে তারেক রহমান কীভাবে বিচারকার্য প্রভাবিত করেছে তা জাতির কাছে বোধগম্য নয়। তিনি অবিলম্বে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘দেশের বিচার ব্যবস্থা সরকার কর্তৃক প্রভাবিত হয়ে থাকে। সরকার প্রভাব বিস্তার না করলে হয়ত বিচারকরা নিরপেক্ষ বিচার করতে পারতেন। আইনমন্ত্রীর বক্তব্য বিচার বিভাগকে কলুষিত করেছে। তিনি বক্তব্য প্রত্যাহার না করলে জনগণ ধরে নেবে সরকার বিচার বিভাগকে প্রভাবিত করে, সেটি নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত।’
সংবাদ সম্মেলনে ফোরাম নেতা ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সানাউল্লাহ মিয়া, তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার কায়সার কামালসহ প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন।