স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বক্তব্যের পর এ নিয়ে যখন রাজনৈতিক অঙ্গন সরগরম, তখন ‘শহীদদের প্রকৃত সংখ্যা গণনায়’ প্রযুক্তির সহায়তা নিতে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, ‘এখন আধুনিক প্রযুক্তি আছে, প্রশাসন আছে। ইচ্ছে করলেই সাত দিনের মধ্যে পরিসংখ্যান বের করতে পারি। সেই কারণে আওয়ামী লীগের অজ্ঞ বুদ্ধিজীবীদের বলব, প্রধানমন্ত্রীকে বলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে একটি জরিপ করেন। তাহলে প্রকৃত চিত্র চলে আসবে।’
গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটশনে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে, আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে।’ তার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বলেছেন- শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। তিনি কমও বলেননি, বেশিও বলেননি। এই বিতর্ক কিন্তু একানব্বই সালে সংসদে উঠেছিল। প্রয়াত কর্নেল আকবর হোসেন এই প্রশ্নটি করেছিলেন। শেখ সাহেব (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) হিথ্রো এয়ারপোর্টে যেটি বলেছেন, সেটি বাণী নয়, যে পরিবর্তন করা যাবে না। অজ্ঞতা বশত তিন লাখ তিন মিলিয়ন হয়ে গেছে। তাড়াহুড়োর মধ্যে হয়ত এমনটি হয়েছে।’
তিনি বলেন, ‘যতদূর জানি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে ২ লাখ ৭৫ হাজার শহীদ পরিবারের তালিকা আছে। তাহলে বাকি ২৭ লাখ কোথায় গেল? গলার জোরে কথা না বলে প্রযুক্তি ব্যবহার করেন। সেক্ষেত্রে সংখ্যা ৩০ লাখের জায়গায় ৬০ লাখ হলে ক্ষতি কোথায়? ৩ লাখ হলেও সমস্যা নেই। দেশ স্বাধীন হইছে। এটি বিতর্কের বিষয় নয়।’
‘স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রিজভী আহমেদ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।
গণমাধ্যমকে উদ্দেশ করে গয়েশ্বর বলেন, ‘আপনারা যেভাবে পক্ষে-বিপক্ষে রাজনৈতিক জরিপ করেন, সেভাবে শহীদদের সংখ্যা নিয়ে জরিপ করেন। একাত্তরে যত গ্রামের যত মানুষ মারা গেছেন, সেখান থেকে ম্যাসেস পাঠাতে বলেন। দেখবেন তখন সঠিক পরিসংখ্যানটি চলে আসবে। এটি নিয়ে বিতর্ক করার দরকার নেই।’