ব্লিনকেন তার তিনদিনের সফরে শুক্রবার ইসরায়েল, শনিবার জর্দান, রবিবার পশ্চিম তীর, ইরাক ও সোমবার তুরস্ক গেছেন। মধ্যস্থতাকারী হিসেবে শাটল কূটনীতি করলেও তাতে ব্যর্থ হয়েছেন ব্লিঙ্কেন। গাজা ইস্যুতে যুদ্ধবিরতি নেওয়ার জন্য ইসরায়েলি নেতাদের উৎসাহিত করলেও কোন লাভ হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি নাকচ করেন। তবে আরব দেশগুলো তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানান। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যুদ্ধ বিরতির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি প্রথমে সম্মত হলেও পরে বেকে বসেন।
রোববার সকালে রামাল্লায় গিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন। তবে সেখানে যুদ্ধ বিরতি নিয়েও কোন আলোচনা হয়নি। সেদিনই ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন। সবশেষ সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকাম ফিদানের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গাজা সহিংসতা নিয়ে শুরু থেকেই তুরস্কের ক্ষোভ ছিলো তুঙ্গে। এরইমধ্যে নেতানিয়াহুর সঙ্গে সব ধরণের যোগাযোগ ছিন্ন করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষ হলে গাজা উপত্যকার ‘সার্বিক নিরাপত্তার দায়িত্ব’ ‘অনির্দিষ্ট সময়ের জন্য’ ইসরায়েলের হাতে থাকবে। মার্কিন চ্যানেল এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি জিম্মিদের মুক্তি দেয়ার শর্ত ছাড়া অস্ত্রবিরতির আহ্বান নাকচ করে দিয়েছেন। তবে মানবিক বিরতি সম্ভব হতে পারে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘কৌশলগত বিরতির কথা যদি হয় যে- এক ঘণ্টা এখানে, এক ঘণ্টা সেখানে- এর আগেও আমরা এটা করেছি। আমার মনে হয় আমরা পরিস্থিতি বিবেচনা করে দেখবো যাতে করে পণ্য-সামগ্রী, মানবিক পণ্য প্রবেশ করতে দেয়া হয় এবং আমাদের জিম্মি বা কোন এক জিম্মিকে ছেড়ে দেয়া হয়।’
গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে ৪ হাজার এক শর বেশি শিশু রয়েছে। ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।