বিশেষ প্রতিবেদকঃ সরকারের বিভিন্ন উদ্যোগে দেশে রপ্তানি আয় বাড়ছে। ডিসেম্বর মাসে পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৩৩৫ কোটি ৩১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪২ শতাংশ বেশি। তবে ডিসেম্বর মাসে রপ্তানি আয়ের লক্ষমাত্রা অর্জিত হয়নি। এ মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় ৩৪১ কোটি ৬০ লাখ ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরো- ইপিবির সবশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে আরো জানানো হয়, ২০১৭-১৮ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে রপ্তানিতে আয় হয়েছে ১ হাজার ৭৯১ কোটি ৬০ লাখ ২০ হাজার মার্কিন ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ২৩ শতাংশ বেশি।
এই ৬ মাসে পোশাকের নিটওয়্যার খাতে আয় হয়েছে ৭৫৯ কোটি ৫২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, ওভেন খাতে ৭১৭ কোটি ৭৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
আলোচ্য সময়ে হিমায়িত খাদ্য রপ্তানি আয় ৭ দশমিক ১৭ শতাংশ বেড়েছে। এছাড়া কৃষি পণ্য রপ্তানি ১৯ দশমিক ৮৪ শতাংশ, পাট ও পাটজাত পণ্য রপ্তানি ২১ দশমিক ৮৪ শতাংশ এবং হোম টেক্সটাইল পণ্য রপ্তানিতে ১৫ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।
তবে প্লাস্টিক পণ্য রপ্তানিতে আয় ২৭ দশমিক ৫১ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি ১ দশমিক ২১ শতাংশ কমেছে।