গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কোন রকম টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই ১৮নং জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনসেড ঘর বিক্রির অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে।এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, উপজেলার ১৮নং জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার সম্প্রতি কোনরকম সরকারি টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই তার নিজ এলাকার এক ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে একটি টিনসেড ঘর বিক্রি করে দেন। বিদ্যালয়ের টিনসেড ঘরটি বিক্রির টাকা প্রধান শিক্ষক আত্মসাৎ করেছে বলে নাম প্রকাশ না করা শর্তে অনেকে জানিয়েছে।
এলাকার সমাজসেবক অশোক বিশ্বাস বলেন, কোন রকম নিয়ম-কানুন ছাড়াই প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার বিদ্যালয়ের টিনসেড ঘরটি বিক্রি করে দিয়েছেন। আমরা এলাকাবাসী চেয়েছিলাম টিনসেড ঘরটি কিনে বিদ্যালয়ের পাশে থাকা মন্দিরের কাজে লাগাবো। কিন্তু প্রধান শিক্ষক টাকা আত্মসাৎ করার জন্য আমাদের কাছে বিক্রি না করে তার নিজ এলাকার এক ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন।
বিদ্যালয়টির অফিস সহকারী সমর অধিকারী বলেন, শুনেছি প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার উপজেলা থেকে টেন্ডার বিজ্ঞপ্তি দিয়েই টিনসেড ঘরটি বিক্রি করেছেন। বিক্রির টাকা প্রধান শিক্ষকের কাছেই রয়েছে। তবে কত টাকা বিক্রি করছেন তিনি তা বলেননি।
১৮নং জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার বলেন, বিদ্যালয়ের টিনসেড ঘরটি অকেজো হওয়ায় উপজেলা শিক্ষা অফিস ও এলাকাবাসীকে জানিয়ে ১০হাজার টাকায় এক ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি। এই ঘর বিক্রির টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করবো।
উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত বলেন, ১৮নং জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার একটি টিনসেট ঘর বিক্রি করবে বলে আমাকে জানিয়েছিল। কিন্তু আমি তাকে বিক্রি করতে বলিনি।সে যদি টিনসেড ঘরটি বিক্রি করে থাকে তাহলে তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।