কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে আজ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা(FAO)-এর প্রতিনিধিদল সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. জিয়াওকুন শি। এ সময় তিনি সংস্থাটির মহাপরিচালকের পক্ষে মন্ত্রীকে শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন এবং অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অগ্রগতি ও টেকসই ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয় এবং বৈঠকে মন্ত্রী দেশের কৃষিখাত নিয়ে বর্তমান সরকারের অগ্রাধিকারে থাকা বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি, কৃষিভিত্তিক অর্থনীতির ভিত মজবুতকরণে সংস্থাটির যেকোনো সহযোগিতাকে স্বাগত জানাবেন বলে মন্ত্রী প্রতিনিধিদলকে অবহিত করেন।
ড. শি তাঁর সংস্থা কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। কৃষি পণ্যের বাজার সম্প্রসারণ, বাণিজ্যিকভাবে মৎস্য চাষে তাঁর সংস্থা কাজ করছে বলে জানান।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন।