আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাংশের একটি মসজিদে জুমার নামাজের সময় একটি শক্তিশালী বিস্ফোরণে ৫০ জনেরও বেশি মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দশ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি।
স্থানীয় সময় শুক্রবার (২৯ এপ্রিল) কাবুলের খলিফা সাহিব মসজিদে এ বিস্ফোরণ ঘটে।
মসজিদের প্রধান সাইদ ফাজিল আঘা বলেন, আত্মঘাতী কোনো হামলাকারী নামাজে অংশ নিতে পারেন। নামাজের সময় ব্যাপক বিস্ফোরণে মসজিদ লণ্ডভণ্ড হয়ে যায়। বিস্ফোরণে তার হাত ও পায়ের পাতা পুড়ে গেছে বলেও জানান তিনি।
রেড ক্রিসেন্টের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রমজান মাসে মুসলমানদের প্রার্থনাস্থল এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা বেড়েছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাব্বির জানিয়েছেন তিনি বিস্ফোরণের পর মানুষকে অ্যাম্বুলেন্স ভর্তি করে নিয়ে যেতে দেখেছেন। তিনি বলেন, বিস্ফোরণ খুবই জোরালো ছিল, ভেবেছিলাম কানের পর্দা ফেটে গেছে।
এ ঘটনায় আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র বিসমুল্লাহ হাবিব জানিয়েছেন, স্থানীয় সময় বেলা দুইটার দিকে পশ্চিম কাবুলের খলিফা সাহিব মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আফগানিস্তানে পবিত্র রমজান মাসে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি প্রাণঘাতী বিস্ফোরণ ঘটেছে। মুসল্লিদের টার্গেট করে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবারও (২৮ এপ্রিল) আফগানিস্তানের মাজার-ই-শরিফে আলাদা দুটি বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হন।
এর মধ্যে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে এ ঘটনায় এখনও কেও দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, তালেবান ক্ষমতা নেওয়ার পর দেশটিতে জনসমাগমস্থলে হামলা বেড়ে গেছে। এসব ঘটনায় চ্যালেঞ্জের মুখে পড়েছে তালেবান সরকার।